নতুন দায়িত্ব গ্রহণের পর সাভারের জাতীয় স্মৃতিসৌধে মহান মুক্তিযুদ্ধের বীর শহীদদের প্রতি শ্রদ্ধা জানিয়েছেন নবনিযুক্ত চার মন্ত্রী ও দুই প্রতিমন্ত্রী।
শনিবার (২২ আগস্ট) দুপুরে তারা জাতীয় স্মৃতিসৌধের বেদিতে পুষ্পস্তবক অর্পণ করেন। এরপর কিছুক্ষণ নীরবে দাঁড়িয়ে মুক্তিযুদ্ধের বীর শহীদদের স্মৃতির প্রতি গভীর শ্রদ্ধা জানান।
শ্রদ্ধা নিবেদন শেষে নবনিযুক্ত মন্ত্রী-প্রতিমন্ত্রীরা জাতীয় স্মৃতিসৌধের পরিদর্শন বইয়ে স্বাক্ষর করেন।
নতুন মন্ত্রীরা হলেন, আবদুল মঈন খান, রশিদুজ্জামান মিল্লাত, সাচিং প্রু জেরী ও আন্দালিভ রহমান পার্থ। নতুন দুই প্রতিমন্ত্রী হলেন হুমায়ুন কবির (টেকনোক্রেট) ও মোহাম্মদ শামীম কায়সার লিংকন।
এর আগে শনিবার সকালে নতুন রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীরও জাতীয় স্মৃতিসৌধে পুষ্পস্তবক অর্পণ করে মহান মুক্তিযুদ্ধের বীর শহীদদের প্রতি শ্রদ্ধা জানান।
শুক্রবার সন্ধ্যায় বঙ্গভবনে নতুন চার মন্ত্রী ও দুই প্রতিমন্ত্রীকে শপথ পড়ান রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর। পরে তাদের মধ্যে মন্ত্রণালয়ের দায়িত্ব বণ্টন করা হয়।
প্রজ্ঞাপন অনুযায়ী, রাষ্ট্রপতি হওয়ার পর মির্জা ফখরুল ইসলাম আলমগীরের ছেড়ে দেওয়া স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের দায়িত্ব পেয়েছেন ড. আবদুল মঈন খান।
এম রশিদুজ্জামান মিল্লাতকে দেওয়া হয়েছে বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয়ের দায়িত্ব। এর আগে তিনি একই মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী হিসেবে দায়িত্ব পালন করেছেন। অন্যদিকে এ মন্ত্রণালয়ের আগের মন্ত্রী আফরোজা খানম রিতার দফতর পরিবর্তন করে তাকে খাদ্য মন্ত্রণালয়ের দায়িত্ব দেওয়া হয়েছে।
বান্দরবানের সংসদ সদস্য সাচিং প্রু জেরী পেয়েছেন পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়ের দায়িত্ব। এর আগে এই মন্ত্রণালয়ের মন্ত্রী ছিলেন দীপেন দেওয়ান। তার পদত্যাগের পর প্রতিমন্ত্রীর দায়িত্ব পালন করছিলেন মীর মোহাম্মদ হেলাল উদ্দিন।
বাংলাদেশ জাতীয় পার্টির (বিজেপি) চেয়ারম্যান আন্দালিব রহমান পার্থকে তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের মন্ত্রী করা হয়েছে। এই মন্ত্রণালয়ের আগের মন্ত্রী জহির উদ্দিন স্বপনকে মন্ত্রী পদমর্যাদায় প্রধানমন্ত্রীর উপদেষ্টা করা হয়েছে।
নতুন প্রতিমন্ত্রী মোহাম্মদ শামীম কায়সার লিংকন পেয়েছেন ধর্মবিষয়ক মন্ত্রণালয়ের দায়িত্ব। এ মন্ত্রণালয়ের মন্ত্রী হিসেবে দায়িত্বে রয়েছেন কাজী শাহ মোফাজ্জাল হোসাইন (কায়কোবাদ)।
প্রধানমন্ত্রীর পররাষ্ট্রবিষয়ক উপদেষ্টা হিসেবে দায়িত্ব পালন করা হুমায়ুন কবিরকে পররাষ্ট্র মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী করা হয়েছে। এ মন্ত্রণালয়ে আগে থেকেই প্রতিমন্ত্রীর দায়িত্বে রয়েছেন শামা ওবায়েদ ইসলাম। ফলে পররাষ্ট্র মন্ত্রণালয়ে এখন দুজন প্রতিমন্ত্রী দায়িত্ব পালন করবেন। মন্ত্রণালয়ের মন্ত্রী হিসেবে রয়েছেন ড. খলিলুর রহমান।
রাষ্ট্রপতি ও নতুন মন্ত্রী-প্রতিমন্ত্রীদের শ্রদ্ধা নিবেদনকে কেন্দ্র করে জাতীয় স্মৃতিসৌধ এলাকায় জনসমাগম সীমিত করা হয়।
সাভার জাতীয় স্মৃতিসৌধের গণপূর্ত বিভাগের উপপ্রকৌশলী আনোয়ার হোসেন আনু জানান, মন্ত্রী ও প্রতিমন্ত্রীরা স্মৃতিসৌধ প্রাঙ্গণ ত্যাগ করার পর সাধারণ দর্শনার্থীদের জন্য স্মৃতিসৌধ উন্মুক্ত করে দেওয়া হবে।