বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিবের দায়িত্ব পেয়েছেন দলের জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব ও জাতীয় স্থায়ী কমিটির সদস্য রুহুল কবির রিজভী। রাষ্ট্রপতি নির্বাচিত হওয়ার পর মির্জা ফখরুল ইসলাম আলমগীর মহাসচিব পদ থেকে পদত্যাগ করায় তাঁর স্থলাভিষিক্ত হলেন রিজভী।
বৃহস্পতিবার (২০ আগস্ট) সন্ধ্যায় এক সংবাদ বিজ্ঞপ্তিতে বিএনপি জানায়, দলীয় গঠনতন্ত্রের ৭ (খ) ৬ ধারা অনুযায়ী জাতীয় স্থায়ী কমিটির সদস্য রুহুল কবির রিজভীকে ভারপ্রাপ্ত মহাসচিব হিসেবে মনোনীত করা হয়েছে। তাঁর নিয়োগ তাৎক্ষণিকভাবে কার্যকর হয়েছে।
রাষ্ট্রপতি নির্বাচনের আগে মির্জা ফখরুলকে প্রার্থী করার পর থেকেই বিএনপির মহাসচিব পদে কে আসছেন, তা নিয়ে দলের ভেতরে আলোচনা চলছিল। একাধিক জ্যেষ্ঠ নেতার নাম আলোচনায় থাকলেও শেষ পর্যন্ত দীর্ঘদিনের পরীক্ষিত নেতা রিজভীর ওপরই আস্থা রাখল বিএনপি।
ছাত্রদলের সাবেক কেন্দ্রীয় সভাপতি রুহুল কবির রিজভী দীর্ঘদিন ধরে বিএনপির কেন্দ্রীয় রাজনীতিতে সক্রিয়। দলের সাংগঠনিক কর্মকাণ্ড, কেন্দ্রীয় কার্যালয় পরিচালনা এবং রাজনৈতিক কর্মসূচিতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছেন তিনি।
বিশেষ করে আওয়ামী লীগ সরকারের সময়ে নানা প্রতিকূলতার মধ্যেও বিএনপির রাজনৈতিক অবস্থান গণমাধ্যমে তুলে ধরতে সামনের সারিতে ছিলেন রিজভী। দলীয় নেতা-কর্মীদের সঙ্গে যোগাযোগ রক্ষা এবং বিভিন্ন রাজনৈতিক কর্মসূচি পরিচালনাতেও তাঁর সক্রিয় ভূমিকা ছিল।
বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে টানা প্রায় দুই মাস অবরুদ্ধ থাকার সময়ও নিয়মিত সংবাদ সম্মেলন ও দলীয় কর্মকাণ্ড চালিয়ে গেছেন তিনি।
২০১১ সালে বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিবের দায়িত্ব পান মির্জা ফখরুল ইসলাম আলমগীর। পরে ২০১৬ সালের জাতীয় কাউন্সিলে তিনি দলের মহাসচিব নির্বাচিত হন। দীর্ঘ সময় ধরে বিএনপির অন্যতম প্রধান মুখ হিসেবে দায়িত্ব পালন করেন তিনি।
রাষ্ট্রপতি নির্বাচিত হওয়ার পর বৃহস্পতিবার মহাসচিব পদ থেকে লিখিতভাবে পদত্যাগ করেন মির্জা ফখরুল। এরপরই রিজভীকে ভারপ্রাপ্ত মহাসচিবের দায়িত্ব দেওয়া হয়।
রিজভীও এর আগে বিএনপির জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব হিসেবে দায়িত্ব পালন করেছেন। ফলে একই পদ থেকে উঠে এসে তিনি এখন দলের ভারপ্রাপ্ত মহাসচিবের দায়িত্ব নিলেন।
দলীয় সূত্রের বরাত দিয়ে জানা গেছে, রুহুল কবির রিজভীর বর্তমান দায়িত্বকে আপাতত অন্তর্বর্তী ব্যবস্থা হিসেবে দেখা হচ্ছে। চলতি বছর বিএনপির জাতীয় কাউন্সিল আয়োজনের পরিকল্পনা রয়েছে। কাউন্সিলেই দলের পূর্ণাঙ্গ মহাসচিব নির্বাচনের বিষয়ে সিদ্ধান্ত হতে পারে।
এদিকে মির্জা ফখরুল রাষ্ট্রপতি নির্বাচিত হওয়ার পর বিএনপির দলীয় কাঠামো ও সরকারের বিভিন্ন দায়িত্বে পরিবর্তনের আলোচনা শুরু হয়েছে। মহাসচিব পদে রিজভীকে দায়িত্ব দেওয়ার মধ্য দিয়ে গুরুত্বপূর্ণ একটি পদে পরিবর্তন আনা হলো। এখন স্থানীয় সরকার মন্ত্রণালয় এবং ঠাকুরগাঁও-১ আসনে মির্জা ফখরুলের উত্তরসূরি কে হচ্ছেন, তা নিয়েও আলোচনা চলছে।