দীর্ঘ ৩৫ বছর পর প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ রাষ্ট্রপতি নির্বাচন হলেও ভোট দেননি ছয়জন সংসদ সদস্য। তাঁদের মধ্যে বিএনপির রুমিন ফারহানা, মির্জা আব্বাস, মোস্তফা কামাল পাশা ও ওসমান ফারুক, খেলাফত মজলিসের আবুল হাসান এবং জামায়াত থেকে বহিষ্কৃত সংসদ সদস্য গাজী নজরুল ইসলাম রয়েছেন।
বৃহস্পতিবার (২০ আগস্ট) জাতীয় সংসদ ভবনে রাষ্ট্রপতি নির্বাচনে ভোটগ্রহণ অনুষ্ঠিত হয়। মোট ৩৪৯ জন সংসদ সদস্য ভোটার থাকলেও ভোট পড়ে ৩৪৩টি।
নির্বাচনে বিএনপির প্রার্থী মির্জা ফখরুল ইসলাম আলমগীর ২৫৫ ভোট পেয়ে রাষ্ট্রপতি নির্বাচিত হন। তাঁর প্রতিদ্বন্দ্বী জামায়াত নেতৃত্বাধীন ১১ দলীয় জোটের প্রার্থী কর্নেল (অব.) অলি আহমদ পান ৮৮ ভোট।
ভোট না দেওয়ার বিষয়ে রুমিন ফারহানা বলেন, তাঁর কাছে রাষ্ট্রপতি নির্বাচনটি অর্থহীন মনে হয়েছে। কারণ ফলাফল আগে থেকেই অনুমেয় ছিল। তাঁর ভাষায়, ভোটে অনিশ্চয়তা না থাকলে সেটিকে প্রকৃত নির্বাচন বলা যায় না।
রুমিন ফারহানা আরও বলেন, গণ-অভ্যুত্থানের পর দেশের মানুষের আত্মত্যাগ ও প্রত্যাশার জায়গা থেকে একজন অরাজনৈতিক ও গ্রহণযোগ্য ব্যক্তিকে রাষ্ট্রপতি হিসেবে বেছে নেওয়ার সুযোগ তৈরি করা উচিত ছিল।
তাঁর ভোট না দেওয়ার আরেকটি কারণ হিসেবে বিএনপির পক্ষ থেকে সংবিধানের ৭০ অনুচ্ছেদের কথা উল্লেখ করার বিষয়টি তুলে ধরেন তিনি। রুমিনের অভিযোগ, দলের বাইরে ভোট দিলে সংসদ সদস্য পদ হারানোর আশঙ্কা দেখানো হয়েছে। এ ধরনের পরিস্থিতিতে তিনি ভোট দেওয়াকে প্রহসন মনে করেছেন।
এদিকে বিএনপির মির্জা আব্বাস ও মোস্তফা কামাল পাশা বিদেশে চিকিৎসাধীন থাকায় ভোট দিতে পারেননি। বিএনপির সংসদ সদস্য ওসমান ফারুকও ভোট দিতে আসেননি। খেলাফত মজলিসের আবুল হাসান বিদেশে অবস্থান করায় ভোট দিতে পারেননি বলে জানিয়েছেন দলটির মহাসচিব আহমদ আব্দুল কাদের।
এ ছাড়া জামায়াত থেকে বহিষ্কৃত সংসদ সদস্য গাজী নজরুল ইসলামকেও ভোটকেন্দ্রে দেখা যায়নি।
অন্যদিকে রাষ্ট্রপতি নির্বাচনে ভোট না দেওয়ার ঘোষণা দিয়েছিল ইসলামী আন্দোলন বাংলাদেশ। দলটির পক্ষ থেকে জানানো হয়েছিল, জুলাই সনদে রাষ্ট্রপতি নির্বাচন নিয়ে যে সিদ্ধান্তে ঐকমত্য হয়েছিল, সেখান থেকে সরে আসার কারণে তারা ভোট দেবে না। তবে পরে দলটির একমাত্র সংসদ সদস্য মাওলানা মাহমুদুল হোসাইন অলিউল্লাহ ভোট দিয়েছেন বলে জানা গেছে।
উল্লেখ্য, বিএনপির আসলাম চৌধুরীর সংসদ সদস্য পদ আদালতের রায়ে বাতিল হওয়ায় বর্তমান সংসদে ভোটার সংখ্যা ছিল ৩৪৯ জন। তাঁদের মধ্যে ৩৪৩ জনের ভোটে মির্জা ফখরুল ইসলাম আলমগীর রাষ্ট্রপতি নির্বাচিত হয়েছেন।