রংপুরের তারাগঞ্জ উপজেলার কুর্শা ইউনিয়নের পশ্চিম কুর্শা শেখের চক গ্রামের একটি কালভার্টের বেশির ভাগ অংশ ভেঙে পড়েছে। দীর্ঘদিন ধরে সংস্কার না হওয়ায় কালভার্টটি এখন মরণফাঁদে পরিণত হয়েছে। এতে পশ্চিম কুর্শা, মুড়িয়া চুয়ারপার ও শেখের চক গ্রামের মানুষ চরম দুর্ভোগে পড়েছেন।
স্থানীয়রা জানান, কালভার্টটির বেশির ভাগ অংশ ভেঙে যাওয়ায় সড়কের ওই অংশ দিয়ে স্বাভাবিকভাবে চলাচল করা কঠিন হয়ে পড়েছে। প্রতিদিন ঝুঁকি নিয়ে পথচারী ও বিভিন্ন ধরনের যানবাহন চলাচল করছে। বিশেষ করে রাতে পরিস্থিতি আরও ভয়াবহ হয়ে ওঠে। পর্যাপ্ত আলোর ব্যবস্থা না থাকায় ভাঙা অংশটি সহজে চোখে পড়ে না। ফলে প্রায়ই সেখানে দুর্ঘটনা ঘটছে।
স্থানীয় বাসিন্দারা ফজলুল করিম জানান, শেখের চকসহ আশপাশের কয়েকটি গ্রামের মানুষের উপজেলা সদর ও বিভিন্ন হাট-বাজারে যাতায়াতের জন্য সড়কটি গুরুত্বপূর্ণ। শিক্ষার্থী, কৃষক, ব্যবসায়ী ও চাকরিজীবীসহ নানা শ্রেণি-পেশার মানুষ প্রতিদিন এ পথ ব্যবহার করেন। কালভার্টটি ঝুঁকিপূর্ণ হয়ে পড়ায় তাদের প্রতিনিয়ত দুর্ভোগ পোহাতে হচ্ছে।
আরেক বাসিন্দা জয়নাল আবেদীন বলেন, ‘কালভার্টের বড় অংশ ভেঙে পড়ে আছে। দিনের বেলায় কোনোভাবে দেখা গেলেও রাতে বোঝার উপায় থাকে না। অন্ধকারে চলাচল করতে গিয়ে প্রায়ই দুর্ঘটনা ঘটছে। বড় কোনো দুর্ঘটনা ঘটার আগেই কালভার্টটি ঠিক করা দরকার।’ স্থানীয়দের আশঙ্কা, কালভার্টের ক্ষতিগ্রস্ত অংশ দ্রুত সংস্কার করা না হলে বর্ষা ও অতিবৃষ্টিতে এর অবস্থা আরও খারাপ হতে পারে।
এ বিষয়ে তারাগঞ্জ উপজেলা প্রকৌশলী (এলজিইডি) নাফিউর রহমান বলেন,অতি দ্রুত প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।