চাঁপাইনবাবগঞ্জে শুরু হতে যাচ্ছে জেলা প্রশাসক গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট। জেলা প্রশাসন ও জেলা ক্রীড়া সংস্থার আয়োজনে এবং এরফান গ্রুপের পৃষ্ঠপোষকতায় আগামীকাল শুক্রবার (২১ আগস্ট) বিকেল ৩টায় নতুন স্টেডিয়ামে টুর্নামেন্টের উদ্বোধন হবে।
টুর্নামেন্ট আয়োজন উপলক্ষে বৃহস্পতিবার সকালে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে স্থানীয় সাংবাদিকদের সঙ্গে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্ব করেন জেলা প্রশাসক আবু ছালেহ মো. মুসা জঙ্গী।
সভায় জেলা প্রশাসক জানান, জেলার পাঁচটি উপজেলা থেকে পাঁচটি ফুটবল দল টুর্নামেন্টে অংশ নেবে। লীগ ভিত্তিক পদ্ধতিতে অনুষ্ঠিত হবে প্রতিযোগিতার ম্যাচগুলো।
তিনি বলেন, দীর্ঘদিন পর এমন আয়োজন জেলার ক্রীড়াঙ্গনে নতুন প্রাণচাঞ্চল্য তৈরি করবে। খেলাধুলার পরিবেশ আরও গতিশীল করতে এ ধরনের আয়োজন গুরুত্বপূর্ণ। পাশাপাশি মাঠে দর্শকদের উপস্থিতি বাড়লে খেলোয়াড়দের উৎসাহও কয়েকগুণ বেড়ে যাবে।
মতবিনিময় সভায় বক্তব্য দেন জেলা ক্রীড়া সংস্থার এডহক কমিটির সদস্য সচিব মো. মশিউর রহমান মিঠু, দৈনিক ভোরের ডাকের জেলা প্রতিনিধি কামাল সুকরানা, সিটিজের সভাপতি রফিকুল আলম, সাংবাদিক আশরাফুল ইসলাম ও সাংবাদিক জহরুল ইসলাম।
সভায় আরও উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মো. নাকিব হাসান তরফদার, জেলা ক্রীড়া কর্মকর্তা আবু জাফর মাহমুদুজ্জামান, জেলা ক্রীড়া সংস্থার সাবেক সাধারণ সম্পাদক তৌফিকুল ইসলাম তোফা এবং প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকরা।
আয়োজকদের পক্ষ থেকে জেলার ক্রীড়াপ্রেমীদের মাঠে উপস্থিত হয়ে টুর্নামেন্ট উপভোগ এবং খেলোয়াড়দের উৎসাহ দেওয়ার আহ্বান জানানো হয়েছে।