বাবার মৃত্যুর পর প্রথম গোল মেসির, উদযাপনে আবেগের ছাপ

অনলাইন ডেস্ক

খেলা

লিওনেল মেসির গোল উদযাপনের দৃশ্যটা খুবই পরিচিত- গোলের পর আকাশের দিকে দু-হাত তুলে প্রার্থনার ভঙ্গি। তবে ফিলাডেলফিয়া ইউনিয়নের বিপক্ষে ২-২

2026-08-20T13:49:40+00:00
2026-08-20T16:28:52+00:00
  বৃহস্পতিবার, ২০ আগস্ট ২০২৬,
৫ ভাদ্র ১৪৩৩
 
বৃহস্পতিবার, ২০ আগস্ট ২০২৬
খেলা
বাবার মৃত্যুর পর প্রথম গোল মেসির, উদযাপনে আবেগের ছাপ
অনলাইন ডেস্ক
বৃহস্পতিবার, ২০ আগস্ট, ২০২৬, ১:৪৯ পিএম  আপডেট: ২০.০৮.২০২৬ ৪:২৮ পিএম
সংগৃহীত ছবি

লিওনেল মেসির গোল উদযাপনের দৃশ্যটা খুবই পরিচিত- গোলের পর আকাশের দিকে দু-হাত তুলে প্রার্থনার ভঙ্গি। তবে ফিলাডেলফিয়া ইউনিয়নের বিপক্ষে ২-২ গোলের ড্র ম্যাচে সেই উদযাপনের অর্থ ছিল আরও গভীর। বাবা হোর্হে মেসির মৃত্যুর পর প্রথম গোল করে তাঁকেই স্মরণ করলেন আর্জেন্টাইন মহাতারকা।

ম্যাচের শেষ দিকে অবশ্য আবেগের জায়গা দখল করে নেয় উত্তেজনা। অনভিপ্রেত বাকবিতণ্ডা ও হাতাহাতির ঘটনায় ইন্টার মায়ামির ইয়ানিক ব্রাইট এবং ফিলাডেলফিয়ার ১৬ বছর বয়সী বাংলাদেশি বংশোদ্ভূত মিডফিল্ডার কাভান সুলিভানকে সরাসরি লাল কার্ড দেখান রেফারি। ম্যাচে কাভানের বড় ভাই কুইন সুলিভানও দেখেছেন হলুদ কার্ড।

শুরু থেকেই আক্রমণ-পাল্টা আক্রমণে জমে ওঠে ম্যাচ। ২১ মিনিটে মেসির দারুণ ক্রস থেকে লুইস সুয়ারেজ হেডে বল বাড়িয়ে দেন ড্যানিয়েল পিন্টারের দিকে। নিখুঁত ফিনিশিংয়ে বল জালে পাঠিয়ে মায়ামিকে এগিয়ে দেন পিন্টার। এমএলএসে এটিই ছিল তাঁর ক্যারিয়ারের প্রথম গোল।

এর মাত্র পাঁচ মিনিট পর মেসির জাদু। ডি-বক্সের বাইরে বল পেয়ে নিজের প্রিয় বাঁ পায়ে প্রতিপক্ষের প্রতিরোধ ভেঙে প্রায় ১২ গজ দূর থেকে করেন দুর্দান্ত কোণাকুণি শট। বল জালে জড়ানোর পর কিছুক্ষণ স্থির দাঁড়িয়ে আকাশের দিকে আঙুল তুলে বাবাকে স্মরণ করেন তিনি। পরে সতীর্থরা ছুটে এসে ঘিরে ধরেন আবেগাপ্লুত মেসিকে।

তবে ম্যাচে ঘুরে দাঁড়াতে সময় নেয়নি ফিলাডেলফিয়া। প্রথমার্ধেই ইন্ডিয়ানা ভ্যাসিলিভের ভলি থেকে আসে সমতাসূচক গোল। দ্বিতীয়ার্ধে ৫৮ মিনিটে ১৮ বছর বয়সী ডিফেন্ডার নিল পিয়েরের দুর্দান্ত হেডে আবারও সমতায় ফেরে ইউনিয়ন। চলতি মৌসুমে এটি ছিল তাঁর তৃতীয় গোল।

এরপর ৬২ মিনিটে মিলান ইলোস্কি গোল করে ফিলাডেলফিয়াকে এগিয়ে দেওয়ার উৎসবে মাতলেও তা বেশিক্ষণ স্থায়ী হয়নি। ভিএআর পর্যালোচনায় অফসাইড ধরা পড়ায় গোলটি বাতিল করে দেন রেফারি।

নির্ধারিত সময় পেরিয়ে ইনজুরি টাইমে পৌঁছালে ম্যাচের উত্তাপ আরও বেড়ে যায়। বলের বাইরে দুই দলের খেলোয়াড়দের মধ্যে বাকবিতণ্ডা ও হাতাহাতির ঘটনায় পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে জোড়া লাল কার্ড দেখান রেফারি।

শেষ পর্যন্ত ২-২ গোলের ড্র নিয়েই মাঠ ছাড়ে দুই দল। এই ফল ইন্টার মায়ামির জন্য কিছুটা স্বস্তিরও। সব প্রতিযোগিতা মিলিয়ে টানা তিন ম্যাচ হারের পর অন্তত হার এড়াতে পেরেছে তারা।

চলতি এমএলএস মৌসুমে ১৭ ম্যাচে মেসির নামের পাশে এখন ১৩ গোল ও ৯টি অ্যাসিস্ট। ব্যক্তিগত পারফরম্যান্সের পাশাপাশি দলকে ইস্টার্ন কনফারেন্সে অবস্থান ধরে রাখতে লড়াই চালিয়ে যেতে হচ্ছে।



Loading...
Loading...

খেলা- এর আরো খবর

Loading...
Loading...
© 2026 Daily Daily Bhorer Dak
সম্পাদক ও প্রকাশক : কে.এম. বেলায়েত হোসেন
৪-ডি, মেহেরবা প্লাজা, ৩৩ তোপখানা রোড, ঢাকা-১০০০ থেকে প্রকাশিত এবং মনিরামপুর প্রিন্টিং প্রেস ৭৬/এ নয়াপল্টন, ঢাকা থেকে মুদ্রিত। পিএবিএক্স: ৪১০৫২২৪৫, ৪১০৫২২৪৬, ০১৭৭৫-৩৭১১৬৭, বিজ্ঞাপন ও সার্কুলেশন: ৪১০৫২২৫৮
ই-মেইল : [email protected], [email protected]
ফলো করুন: