
পর্তুগিজ মহাতারকার নিজের কথাতেই মিলেছে তেমনই ইঙ্গিত। ফ্যাশন ও লাইফস্টাইল সাময়িকী ‘ভোগ’কে দেওয়া এক সাক্ষাৎকারে ৪১ বছর বয়সী রোনালদো বলেছেন, ‘সম্ভবত ফুটবলার হিসেবে এটাই আমার শেষ বছর।’
সৌদি ক্লাব আল নাসরের সঙ্গে ২০২৭ সালের জুন পর্যন্ত চুক্তি রয়েছে রোনালদোর। কিন্তু চুক্তির মেয়াদ শেষ হওয়ার আগেই ফুটবলকে বিদায় জানানোর সম্ভাবনার কথা এবার নিজেই জানালেন পাঁচবারের ব্যালন ডি’অরজয়ী এই তারকা।
অবসর প্রসঙ্গে রোনালদো বলেন, ‘সম্ভবত ফুটবলে এটাই আমার শেষ বছর হতে চলেছে। আমি ফুটবলে অনন্যসাধারণ ছাপ রেখে বিদায় নিতে চাই।’

গত বছরের নভেম্বরে রোনালদো জানিয়েছিলেন, আরও এক বা দুই বছর খেলার ইচ্ছা রয়েছে তাঁর। ২০২৬ বিশ্বকাপকেও নিজের শেষ বিশ্বকাপ হিসেবে উল্লেখ করেছিলেন তিনি। বিশ্বকাপ থেকে পর্তুগালের বিদায়ের পরও অবশ্য অবসর নিয়ে নির্দিষ্ট কোনো ঘোষণা দেননি।
এবারের সাক্ষাৎকারে ফুটবল-পরবর্তী জীবনের পরিকল্পনার কথাও জানিয়েছেন রোনালদো। সেখানে সবচেয়ে বেশি গুরুত্ব পাচ্ছে পরিবার। দীর্ঘ ক্যারিয়ারের ব্যস্ততা কাটিয়ে প্রিয়জনদের আরও বেশি সময় দিতে চান তিনি।
অবসর-পরবর্তী পরিকল্পনা নিয়ে রোনালদো বলেন, তাঁর ভবিষ্যতের রূপরেখা ইতিমধ্যে তৈরি। ফুটবল ছাড়ার পরও নিজেকে ব্যস্ত রাখার মতো অনেক কাজ রয়েছে তাঁর। ভ্রমণ, প্যাডেল খেলা এবং পরিবারের সঙ্গে সময় কাটানোর পাশাপাশি ক্যারিয়ারে অর্জন করা সাফল্য উপভোগ করতে চান তিনি।
‘ফুটবল ছেড়ে দিলে জীবনে বড় একটি শূন্যতা তৈরি হবে। তাই নিজেকে নানা কাজে যুক্ত রাখতে হবে।’
—ক্রিস্টিয়ানো রোনালদোর, পর্তুগিজ ফুটবলার
২৫ বছরের দীর্ঘ পেশাদার ক্যারিয়ারে স্পোর্তিং লিসবন, ম্যানচেস্টার ইউনাইটেড, রিয়াল মাদ্রিদ, জুভেন্টাস ও আল নাসরের হয়ে খেলেছেন রোনালদো। এর মধ্যে রিয়াল মাদ্রিদে কাটানো নয় বছর ছিল তাঁর ক্যারিয়ারের সবচেয়ে উজ্জ্বল অধ্যায়। স্প্যানিশ ক্লাবটির হয়ে ৪৩৮ ম্যাচে ৪৫০ গোল করে ক্লাবটির ইতিহাসে সর্বোচ্চ গোলদাতা হন তিনি।
এখন প্রশ্ন একটাই- সিআর সেভেনের শেষ ম্যাচটি কবে? তাঁর নিজের কথায় যদি সত্যিই এটাই শেষ বছর হয়, তবে ফুটবল বিশ্ব ধীরে ধীরে প্রস্তুত হচ্ছে ইতিহাসের অন্যতম সেরা এক অধ্যায়ের সমাপ্তির জন্য।