
২০২১-২২, ২০২২-২৩ ও ২০২৩-২৪ শিক্ষাবর্ষের শিক্ষার্থীরা এই ভোটে অংশ নিতে পারবেন। সোমবার (১৭ আগস্ট) সকাল ১০টায় শুরু হওয়া ভোটগ্রহণ চলবে বুধবার (১৯ আগস্ট) রাত ১০টা পর্যন্ত। অর্থাৎ শিক্ষার্থীদের মতামত জানানোর জন্য মোট ৬০ ঘণ্টা সময় রাখা হয়েছে।
ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটির অফিসিয়াল ওয়েবসাইটে দেওয়া লিংকে প্রবেশ করে ভোট দেওয়া যাবে। এ ক্ষেত্রে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ডেটাবেজে পরীক্ষার সময় নিবন্ধনের জন্য ব্যবহৃত ফোন নম্বরেই ওটিপি (OTP) পাঠানো হবে। প্রতিটি ফোন নম্বর থেকে একবারই ভোট দেওয়ার সুযোগ থাকবে।
ভোট দেওয়ার সময় শিক্ষার্থীর নাম, কলেজ, বিভাগ, শিক্ষাবর্ষ, রেজিস্ট্রেশন নম্বর, ফোন নম্বর ও জন্মতারিখসহ প্রয়োজনীয় তথ্য দিতে হবে। শিক্ষার্থীদের দেওয়া মতামত পর্যালোচনা করে চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়ার সময় তা গুরুত্বের সঙ্গে বিবেচনা করা হবে বলে জানিয়েছে বিশ্ববিদ্যালয় প্রশাসন। একই সঙ্গে ভোটের সময় সংগৃহীত তথ্য গোপন রাখার কথাও জানানো হয়েছে।
বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ জানিয়েছে, মাইগ্রেশন প্রক্রিয়া শেষ হলে শিক্ষার্থীদের জন্য আধুনিক অনলাইন ব্যবস্থাপনা পদ্ধতি চালু করা হবে। এর আওতায় পরীক্ষা গ্রহণ ও ফল প্রকাশসহ একাডেমিক কার্যক্রম সময়মতো শেষ করার পরিকল্পনা রয়েছে। পাশাপাশি শিক্ষার্থীদের সেশনজটমুক্ত রাখতে এবং ফলাফলে ভুল বা অসংগতি কমাতে দ্বৈত পরীক্ষক পদ্ধতি চালুর উদ্যোগ নেওয়া হবে।
সাত কলেজের শিক্ষার্থীদের মতামত গ্রহণের ক্ষেত্রে সর্বোচ্চ অংশগ্রহণ নিশ্চিত করা এবং পুরো প্রক্রিয়াকে আরও স্বচ্ছ ও নিরাপদ করতেই অফলাইনের পরিবর্তে অনলাইন ভোটের সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে জানিয়েছে ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটি কর্তৃপক্ষ।