কর্পোরেট ও শিল্পপ্রতিষ্ঠানের কার্যক্রম সম্পর্কে বাস্তব অভিজ্ঞতা অর্জনের লক্ষ্যে ওয়ালটন হাই-টেক ইন্ডাস্ট্রিজ পিএলসি পরিদর্শন করেছেন জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয়ের (জাককানইবি) হিসাববিজ্ঞান ও তথ্যপদ্ধতি বিভাগের ১৫তম ব্যাচের শিক্ষার্থীরা।
শনিবার (১৫ আগস্ট) গাজীপুরের চন্দ্রায় অবস্থিত ওয়ালটন হাই-টেক ইন্ডাস্ট্রিজ পিএলসিতে এ শিক্ষামূলক শিল্প পরিদর্শন অনুষ্ঠিত হয়।
অধ্যাপক ড. রাজু আহমেদের নেতৃত্বে পরিদর্শনে বিভাগের প্রভাষক ড. এস. এম. খালিদ হোসেন ও প্রভাষক আমিনুল ইসলাম মিলনসহ ওয়ালটনের ব্যবস্থাপনা পরিচালক, ব্যবসায়িক সমন্বয়কারী, জ্যেষ্ঠ উপ-পরিচালক (প্রশাসন) এবং সংশ্লিষ্ট কর্মকর্তারা উপস্থিত ছিলেন। পরিদর্শন কার্যক্রমের পরিকল্পনা, সমন্বয় ও ব্যবস্থাপনার গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন করেন ড. এস. এম. খালিদ হোসেন।
পরিদর্শনের শুরুতে শিক্ষার্থীরা ওয়ালটনের ঊর্ধ্বতন কর্মকর্তাদের সঙ্গে মতবিনিময় ও তথ্যবহুল সেশনে অংশ নেন। এ সময় কর্মকর্তারা ওয়ালটনের ব্যবসায়িক কার্যক্রম, উৎপাদন প্রক্রিয়া এবং আন্তর্জাতিক পর্যায়ে প্রতিষ্ঠানের কার্যক্রম সম্পর্কে শিক্ষার্থীদের ধারণা দেন।
পরে শিক্ষার্থীরা ওয়ালটনের উৎপাদন কারখানা ঘুরে দেখেন এবং ফ্রিজ, এয়ার কন্ডিশনারসহ বিভিন্ন পণ্যের উৎপাদন ও সংযোজন প্রক্রিয়া সরাসরি পর্যবেক্ষণ করেন। এতে শ্রেণিকক্ষে অর্জিত তাত্ত্বিক জ্ঞানের সঙ্গে বাস্তব শিল্প ও কর্পোরেট কার্যক্রমের একটি কার্যকর সংযোগ তৈরি হয়।
এ বিষয়ে হিসাববিজ্ঞান ও তথ্যপদ্ধতি বিভাগের প্রভাষক ড. এস. এম. খালিদ হোসেন বলেন, শিক্ষার্থীদের জন্য ইন্টার্নশিপের সুযোগ সৃষ্টি এবং ওয়ালটন হাই-টেক ইন্ডাস্ট্রিজ পিএলসির সঙ্গে সমঝোতা স্মারক (এমওইউ) স্বাক্ষরের সম্ভাবনা নিয়ে গুরুত্বপূর্ণ আলোচনা হয়েছে।
তিনি বলেন, এ ধরনের উদ্যোগ ভবিষ্যতে বিশ্ববিদ্যালয় ও শিল্পপ্রতিষ্ঠানের মধ্যে একাডেমিক ও পেশাগত সহযোগিতা আরও জোরদার করবে এবং শিক্ষার্থীদের কর্মক্ষেত্রের বাস্তব অভিজ্ঞতা অর্জনে সহায়ক হবে।