রাষ্ট্রবিরোধী গোপন তৎপরতায় ঢাকা বিশ্ববিদ্যালয়ের ৯২ শিক্ষকের জড়িত থাকার অভিযোগ খতিয়ে দেখতে তিন সদস্যের তদন্ত কমিটি গঠন করেছে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ।
বৃহস্পতিবার (১৩ আগস্ট) বিশ্ববিদ্যালয়ের জনসংযোগ দপ্তর থেকে পাঠানো এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, সম্প্রতি বিভিন্ন গণমাধ্যমে প্রকাশিত একটি প্রতিবেদন ঢাকা বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষের নজরে এসেছে। ওই প্রতিবেদনে ফাঁসির দণ্ডপ্রাপ্ত পলাতক আসামি শেখ হাসিনাকে দেশে ফিরিয়ে আনা এবং কার্যক্রম নিষিদ্ধ একটি রাজনৈতিক দলকে সক্রিয় করার লক্ষ্যে দেশের ২২টি বিশ্ববিদ্যালয়ের ৪০৪ জন শিক্ষক গোপন তৎপরতায় জড়িত বলে উল্লেখ করা হয়।
প্রতিবেদনটিতে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ৯২ জন শিক্ষক এমন তৎপরতায় জড়িত বলে দাবি করা হয়েছে। এর মধ্যে ৫৮ জন শিক্ষকের নাম ইতোমধ্যে শনাক্ত করা হয়েছে।
অভিযোগগুলো খতিয়ে দেখে করণীয় নির্ধারণ এবং প্রয়োজনীয় সুপারিশ দিতে প্রো-ভাইস চ্যান্সেলর (শিক্ষা) অধ্যাপক ড. আবদুস সালামকে আহ্বায়ক করে তিন সদস্যের কমিটি গঠন করা হয়েছে।
কমিটির অপর দুই সদস্য হলেন বিজ্ঞান অনুষদের ডিন ও আইন অনুষদের ডিন।
বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ জানিয়েছে, কমিটি সংশ্লিষ্ট শিক্ষকদের সার্বিক বিষয় পর্যালোচনা করবে। এরই মধ্যে কমিটি কার্যক্রম শুরু করেছে।
এ ছাড়া তদন্তের সময় আরও কোনো শিক্ষকের নাম শনাক্ত হলে তাদের বিষয়েও কমিটি খতিয়ে দেখবে এবং প্রয়োজনীয় সুপারিশ দেবে।
অভিযোগের সত্যতা, সংশ্লিষ্ট শিক্ষকদের ভূমিকা এবং এ বিষয়ে পরবর্তী করণীয় নির্ধারণ করতেই কমিটির তদন্ত কার্যক্রম পরিচালিত হবে।