চট্টগ্রাম বন্দরের বহির্নোঙরে কার্গো জাহাজ থেকে সাগরে পড়ে ইয়াসিন (৫০) নামে এক বাংলাদেশি স্টিভেডোর নিখোঁজ হয়েছেন। রোববার (১৬ আগস্ট) বেলা ১১টা ৩৭ মিনিটের দিকে বন্দরের আলফা অ্যাঙ্করেজে নোঙর করা ‘এমভি ক্রিমসন গ্রেস’ জাহাজ থেকে পড়ে তিনি নিখোঁজ হন।
ঘটনার পরপরই তাকে উদ্ধারে অভিযান শুরু করে নৌবাহিনী ও কোস্ট গার্ড। বিকেলে এ প্রতিবেদন লেখা পর্যন্ত সাগরে তার সন্ধানে যৌথভাবে অভিযান চলছিল।
চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষের সচিব সৈয়দ রেফায়েত হামিম বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, দুর্ঘটনার খবর পাওয়ার পরপরই কোস্ট গার্ডকে উদ্ধার অভিযানের জন্য জানানো হয়। একই সঙ্গে আশপাশে অবস্থানরত সব জলযানকে উদ্ধারকাজে সহযোগিতার আহ্বান জানিয়ে চট্টগ্রাম পোর্ট অথরিটির রেডিও থেকে নিয়মিত ভিএইচএফ বার্তা প্রচার করা হচ্ছে।
বন্দর কর্তৃপক্ষ সূত্রে জানা গেছে, সাগরে পড়ে যাওয়ার পর জোয়ারের স্রোতে ইয়াসিন উত্তর দিকে ভেসে যেতে পারেন বলে ধারণা করা হচ্ছে। খবর পাওয়ার পরপরই সম্ভাব্য এলাকায় উদ্ধার অভিযান জোরদার করা হয়।
উদ্ধার অভিযানে নৌবাহিনীর দুটি জাহাজ ও একটি সোয়াডস বোট এবং কোস্ট গার্ডের দুটি জাহাজ ও একটি বোট অংশ নিয়েছে। বাংলাদেশ কোস্ট গার্ডের পূর্ব জোনও ইয়াসিন নিখোঁজ হওয়ার বিষয়টি নিশ্চিত করেছে।