হবিগঞ্জের লাখাই উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে রোগীর চাপ বেড়ে দেখা দিয়েছে তীব্র বেড সংকট। ৫০ শয্যার হাসপাতালটিতে বর্তমানে ৬৭ জন রোগী ভর্তি থাকায় ১৭ জনকে ফ্লোরে রেখে চিকিৎসা দিতে হচ্ছে। এর মধ্যে হাম উপসর্গ নিয়ে ভর্তি রয়েছে ১৩ শিশু।
রবিবার (১৬ আগস্ট) সরেজমিনে দেখা যায়, নারী, পুরুষ ও শিশুসহ ৬৭ জন রোগী হাসপাতালে ভর্তি থেকে গাদাগাদি করে চিকিৎসা নিচ্ছেন। পর্যাপ্ত বেড না থাকায় অনেক রোগীকে মেঝেতে অবস্থান করতে হচ্ছে।
হাসপাতাল সূত্রে জানা গেছে, হাম উপসর্গ, ডায়রিয়া, সর্দি-কাশিসহ বিভিন্ন রোগে আক্রান্ত রোগীরা বর্তমানে চিকিৎসা নিচ্ছেন। ভর্তি রোগীদের মধ্যে ১৭ জন নারী, ২৩ জন পুরুষ এবং হাম উপসর্গসহ ২৬ জন রোগী রয়েছেন। এছাড়া একজন গর্ভবতী নারীও হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।
হাসপাতালে চিকিৎসা নিতে আসা রোগীরা জানান, বেড সংকটের কারণে বাধ্য হয়ে মেঝেতে থেকে চিকিৎসা নিতে হচ্ছে। এতে রোগীদের ভোগান্তি বাড়ছে এবং স্বাভাবিক চিকিৎসাসেবাও ব্যাহত হচ্ছে।
লাখাই উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. কাজী শামসুল আরেফীন বলেন, ৩১ শয্যার কাঠামো অনুযায়ী জনবল নিয়ে ৫০ শয্যার হাসপাতালের রোগীদের চিকিৎসাসেবা দিতে হচ্ছে। ফলে আগত রোগীদের কাঙ্ক্ষিত সেবা দেওয়া কঠিন হয়ে পড়েছে। এ কারণে রোগীদের মধ্যেও অসন্তোষ তৈরি হচ্ছে।
তিনি আরও বলেন, হাসপাতালে আসা রোগীদের নিয়মিত বিভিন্ন পরামর্শ দেওয়া হচ্ছে। তবে অনেকে সেসব পরামর্শ যথাযথভাবে না মানায় রোগীর সংখ্যা দিন দিন বাড়ছে।
এদিকে হাসপাতালের বেড ও জনবল সংকট দ্রুত সমাধানের দাবি জানিয়েছেন স্থানীয় বাসিন্দারা। তাঁদের দাবি, রোগীদের দুর্ভোগ কমাতে জরুরি ভিত্তিতে প্রয়োজনীয় জনবল পদায়ন এবং হাসপাতালের সক্ষমতা বাড়াতে কার্যকর উদ্যোগ নেওয়া হোক।