রাজধানীর বসুন্ধরা আবাসিক এলাকা থেকে অভিনেত্রী ও মডেল রিধিকা রিধির মরদেহ উদ্ধার করেছে পুলিশ। শনিবার (১৫ আগস্ট) ভোরে একটি বাসা থেকে তাকে উদ্ধার করে কুর্মিটোলা জেনারেল হাসপাতালে নেওয়া হলে চিকিৎসকেরা মৃত ঘোষণা করেন।
ভাটারা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাজহারুল ইসলাম বিষয়টি নিশ্চিত করেছেন।
পুলিশের প্রাথমিক ধারণা, রিধির মৃত্যু আত্মহত্যা হয়ে থাকতে পারে। তবে মৃত্যুর প্রকৃত কারণ নিশ্চিত হতে তদন্ত ও আইনি প্রক্রিয়া চলমান রয়েছে।
ওসি মাজহারুল ইসলাম জানান, শনিবার সকাল ৬টার দিকে বসুন্ধরা আবাসিক এলাকার একটি বাসা থেকে রিধিকে উদ্ধার করা হয়। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে তাকে হাসপাতালে নিয়ে যায়। পরে চিকিৎসকেরা তাকে মৃত ঘোষণা করেন।
পুলিশের ভাষ্য অনুযায়ী, পরিবারের সদস্যরা জানিয়েছেন, এক ব্যক্তির সঙ্গে রিধির প্রেমের সম্পর্ক ছিল। মৃত্যুর আগে ভোরে ওই ব্যক্তির সঙ্গে ভিডিও কলে কথা-কাটাকাটি হয়। একপর্যায়ে ভিডিও কলে থাকা অবস্থাতেই রিধি আত্মহত্যা করেন বলে পরিবারের পক্ষ থেকে পুলিশকে জানানো হয়েছে।
ওসি বলেন, পরিবারের অভিযোগের ভিত্তিতে মামলা নেওয়ার প্রক্রিয়া চলছে। পাশাপাশি ঘটনার প্রকৃত কারণ জানতে তদন্ত করা হচ্ছে।
পুলিশ জানিয়েছে, রিধির পরিবারের সদস্যদের কাছ থেকে তথ্য নেওয়া হচ্ছে। একই সঙ্গে মৃত্যুর আগে ওই ব্যক্তির সঙ্গে তার কী ধরনের কথাবার্তা হয়েছিল এবং তাদের সম্পর্কের বিষয়ে বিস্তারিত তথ্যও খতিয়ে দেখা হচ্ছে।
রিধিকা রিধি মডেলিংয়ের মাধ্যমে শোবিজে পরিচিতি পান। পরে অভিনয়েও নিয়মিত কাজ শুরু করেন। বেশ কয়েকটি নাটকে অভিনয় করে দর্শকদের নজরে আসেন তিনি।
তার অভিনীত নাটকের মধ্যে ‘এখানে মানুষ বিক্রি হয়’, ‘বহুরূপী’, ‘ডাবল হানিমুন’ ও ‘সুন্দরী’ উল্লেখযোগ্য। মডেলিংয়ের পাশাপাশি অভিনয়ে নিজের অবস্থান তৈরি করার চেষ্টা করছিলেন এই অভিনেত্রী।