বক্স অফিসে ঝড় ‘আওয়ারাপন ২’-এর, তৃতীয় কিস্তির ইঙ্গিত ইমরান হাশমির
দীর্ঘ অপেক্ষার পর বড় পর্দায় ফিরেছে ইমরান হাশমির জনপ্রিয় সিনেমা ‘আওয়ারাপন’-এর দ্বিতীয় কিস্তি ‘আওয়ারাপন ২’। ১৪ আগস্ট মুক্তির পর থেকেই সিনেমাটি বক্স অফিসে দারুণ সাড়া পাচ্ছে। প্রথম দিনেই ভারতে ২১ কোটি রুপি নেট আয় করেছে ছবিটি। বিশ্বব্যাপী প্রথম দিনের আয় দাঁড়িয়েছে ২৭ কোটি ২০ লাখ রুপি।
দ্য ইন্ডিয়ান এক্সপ্রেসের প্রতিবেদনে বলা হয়েছে, মুক্তির প্রথম দিনে ভারতে ৯ হাজার ৩৩টি প্রদর্শনীতে ‘আওয়ারাপন ২’-এর গড় দর্শক উপস্থিতি ছিল ৪৫ দশমিক ৭৩ শতাংশ। দিল্লি-এনসিআর অঞ্চলে এই হার ছিল ৫৮ দশমিক ৫ শতাংশ এবং মুম্বাইয়ে ৩৯ দশমিক ৫ শতাংশ।
একই দিনে মুক্তি পাওয়া সানি দেওল ও প্রীতি জিনতা অভিনীত ‘বাটওয়ারা ১৯৪৭’-কেও প্রথম দিনের ব্যবসায় পেছনে ফেলেছে ‘আওয়ারাপন ২’। সিনেমাটির প্রথম দিনের বিশ্বব্যাপী আয় ছিল ৮ কোটি ৩৪ লাখ রুপি।
দ্বিতীয় দিনেও ইমরান হাশমির সিনেমাটি ভালো ব্যবসা করেছে। শনিবার বিকেল ৪টা ৪১ মিনিটের সর্বশেষ তথ্য অনুযায়ী, দ্বিতীয় দিনে ভারতে ছবিটির আয় হয়েছে ১২ কোটি ৬০ লাখ রুপি। এতে ভারতে দুই দিনে সিনেমাটির মোট আয় দাঁড়িয়েছে ৪১ কোটি ২৭ লাখ রুপি। ফলে শিগগিরই ছবিটি ৫০ কোটি রুপির মাইলফলক ছুঁতে পারে বলে ধারণা করা হচ্ছে।
এদিকে ‘আওয়ারাপন ২’-এর সাফল্যের মধ্যেই সিনেমাটির তৃতীয় কিস্তির সম্ভাবনার ইঙ্গিত দিয়েছেন ইমরান হাশমি। দর্শকদের ভালোবাসার কারণেই দ্বিতীয় কিস্তি নির্মাণ করা হয়েছে উল্লেখ করে তিনি আশা প্রকাশ করেছেন, খুব শিগগিরই ‘আওয়ারাপন ৩’ দর্শকদের সামনে আসতে পারে।
তবে এখনো ‘আওয়ারাপন ৩’ নির্মাণের বিষয়ে আনুষ্ঠানিক কোনো ঘোষণা আসেনি।
২০০৭ সালে মুক্তি পাওয়া প্রথম ‘আওয়ারাপন’ বক্স অফিসে প্রত্যাশিত সাফল্য না পেলেও পরবর্তী সময়ে দর্শকদের মধ্যে ব্যাপক জনপ্রিয়তা অর্জন করে। একসময় সিনেমাটি কাল্ট ফিল্মের মর্যাদা পায়।
প্রায় দুই দশক পর নির্মিত ‘আওয়ারাপন ২’-এ ইমরান হাশমির সঙ্গে অভিনয় করেছেন দিশা পাটানি, শাবানা আজমি, পুরাণ গাব্বি ও অনিরুদ্ধ রাওয়ালসহ অনেকে। সিনেমাটি পরিচালনা করেছেন নীতিন কক্কর।
সূত্র: দ্য ইন্ডিয়ান এক্সপ্রেস, টাইমস অব ইন্ডিয়া