অভিনয়ের ব্যস্ততা, নিয়মিত শুটিং আর পরীক্ষার প্রস্তুতি-সবকিছু একসঙ্গে সামলে এসএসসি পরীক্ষায় জিপিএ-৪ পেয়েছেন জনপ্রিয় ধারাবাহিক নাটক ‘এটা আমাদেরই গল্প’-এর ‘ফারহানা’ চরিত্রের অভিনেত্রী ইসরাত তিথি। উত্তরা কেসি মডেল স্কুলের মানবিক বিভাগ থেকে এবারের এসএসসি পরীক্ষায় অংশ নেন তিনি।
ইসরাতের ফলাফল নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমেও শুরু হয়েছে আলোচনা। কারণ, এসএসসি পরীক্ষার মাত্র দুই দিন আগেও শুটিংয়ে ব্যস্ত ছিলেন এই অভিনেত্রী। অভিনয়ের পাশাপাশি পড়াশোনা চালিয়ে এমন ফল করায় উচ্ছ্বসিত তার পরিবার ও শুভাকাঙ্ক্ষীরা।
নবম শ্রেণি পর্যন্ত বিজ্ঞান বিভাগে পড়াশোনা করেছেন ইসরাত। তবে ‘এটা আমাদেরই গল্প’ ধারাবাহিকের শুটিংয়ের ব্যস্ততা বাড়তে থাকায় বিজ্ঞান বিভাগের পড়াশোনা চালিয়ে যাওয়া তার জন্য কঠিন হয়ে পড়ে। পরে বোর্ডে রেজিস্ট্রেশন হয়ে যাওয়ার পরও পরীক্ষার মাত্র আট মাস আগে স্কুল কর্তৃপক্ষের সঙ্গে আলোচনা করে বিজ্ঞান থেকে মানবিক বিভাগে চলে আসেন তিনি।
স্বল্প সময়ে নতুন বিভাগে প্রস্তুতি নিয়েও টেস্ট পরীক্ষায় নিজের সেকশনে প্রথম হন ইসরাত।
তার বোন সাফিনা বলেন, ‘ওর ফলাফলে আমরা অনেক খুশি। শুটিংয়ের ব্যস্ততার মধ্যেও অনেক পরিশ্রম করেছে ও।’
পরিবারের সদস্যরা জানান, এসএসসি পরীক্ষার মাত্র দুই দিন আগেও শুটিং করেছেন ইসরাত। এমনকি টেস্ট পরীক্ষার সময় কক্সবাজারে শুটিং শেষ করে সকাল ৮টায় ঢাকায় ফিরে সকাল ১০টায় পরীক্ষায় অংশ নিতে হয়েছিল তাকে। শুটিং সেটেও কাজের ফাঁকে বই নিয়ে পড়াশোনা করতেন তিনি।
অভিনয়ের ব্যস্ততার মধ্যেও পড়াশোনার প্রতি ইসরাতের এই মনোযোগ প্রশংসা কুড়িয়েছে সহপাঠী ও শুভাকাঙ্ক্ষীদের কাছ থেকে।
ফল প্রকাশের পর নিজের ফেসবুক পোস্টে ইসরাত লিখেছেন, ‘সবকিছুর জন্য আলহামদুলিল্লাহ। আপনারা সবাই আমার জন্য দোয়া করবেন।’
অভিনয় ও পড়াশোনা-দুই দিক সামলে ইসরাতের এই সাফল্য নতুন করে আলোচনায় এনেছে জনপ্রিয় ধারাবাহিক ‘এটা আমাদেরই গল্প’-এর এই তরুণ অভিনেত্রীকে।