ঢালিউডের জনপ্রিয় চিত্রনায়ক সালমান শাহ হত্যা মামলায় খল অভিনেতা ডন হককে গ্রেপ্তার করেছে আইনশৃঙ্খলা বাহিনী। রোববার (৯ আগস্ট) হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে তাকে গ্রেপ্তার করা হয়। পরে তাকে পুলিশের অপরাধ তদন্ত বিভাগ—সিআইডির কাছে হস্তান্তর করা হয়েছে।
ডনের গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করেছেন সিআইডি ঢাকা মেট্রোর (পশ্চিম) বিশেষ পুলিশ সুপার গোলাম বেনজির। তিনি বলেন, ‘আমরা ডনকে এনেছি। এ বিষয়ে বিস্তারিত পরে জানানো হবে।’
সিআইডি সূত্রে জানা গেছে, ওমরা পালনের উদ্দেশ্যে সৌদি আরবে যাওয়ার জন্য বিমানবন্দরে গিয়েছিলেন ডন। সেখান থেকেই তাকে গ্রেপ্তার করা হয়।
সালমান শাহ হত্যা মামলায় ডনসহ মোট ১১ জনকে আসামি করা হয়েছে। ২০২৫ সালের ২১ অক্টোবর রাজধানীর রমনা থানায় সালমান শাহর মামা মোহাম্মদ আলমগীর বাদী হয়ে মামলাটি করেন। মামলায় দণ্ডবিধির ৩০২ ও ৩৪ ধারায় অভিযোগ আনা হয়েছে।
মামলার অন্য আসামিদের মধ্যে রয়েছেন সাবেক চলচ্চিত্র প্রযোজক ও শিল্পপতি আজিজ মোহাম্মদ ভাই, সালমান শাহর সাবেক স্ত্রী সামীরা হক, লতিফা হক লুছি, ডেবিট, জাভেদ, ফারুক, মে-ফেয়ার বিউটি সেন্টারের রুবি, আব্দুস ছাত্তার, সাজু ও রেজভি আহমেদ ফরহাদ। এ ছাড়া অজ্ঞাতনামা আরও কয়েকজনকে আসামি করা হয়েছে।
১৯৯৬ সালের ৬ সেপ্টেম্বর রাজধানীর ইস্কাটনে নিজ বাসায় মৃত অবস্থায় পাওয়া যায় চৌধুরী মোহাম্মদ শাহরিয়ার ইমন ওরফে সালমান শাহকে। তার মৃত্যু নিয়ে শুরু থেকেই নানা প্রশ্ন ও বিতর্ক রয়েছে। পরিবার দীর্ঘদিন ধরে দাবি করে আসছে, সালমান শাহকে পরিকল্পিতভাবে হত্যা করা হয়েছে।
সালমান শাহর মা নীলা চৌধুরীও বিভিন্ন সময়ে ছেলের মৃত্যুকে হত্যাকাণ্ড বলে দাবি করেছেন। তবে তার মৃত্যুর পর দীর্ঘ সময় ধরে ঘটনাটি অপমৃত্যু মামলা হিসেবে তদন্ত করা হয়।
দীর্ঘদিন পর নতুন করে করা হত্যা মামলায় সালমান শাহর সাবেক স্ত্রীসহ ১১ জনকে আসামি করা হয়েছে। সেই মামলাতেই এবার গ্রেপ্তার হলেন অভিনেতা ডন।
নব্বইয়ের দশকের শুরুতে চলচ্চিত্রে অভিষেকের পর অল্প সময়েই দর্শকদের হৃদয়ে জায়গা করে নেন সালমান শাহ। মাত্র চার বছরের ক্যারিয়ারে ২৭টি চলচ্চিত্রে অভিনয় করে তুমুল জনপ্রিয়তা অর্জন করেন তিনি। অকালমৃত্যুর পরও বাংলা চলচ্চিত্রের অন্যতম জনপ্রিয় নায়ক হিসেবে তার অবস্থান অটুট রয়েছে।