বাংলাদেশ ও ভারতের সম্পর্ক স্বাভাবিক করার প্রচেষ্টার মধ্যেই কোনো আনুষ্ঠানিক ঘোষণা ছাড়াই ঢাকায় এসেছেন ভারতের বহিঃগোয়েন্দা সংস্থা রিসার্চ অ্যান্ড অ্যানালাইসিস উইং -র’-এর প্রধান পরাগ জৈন। চার সদস্যের উচ্চপর্যায়ের প্রতিনিধি দলের নেতৃত্ব দিয়ে রবিবার ঢাকায় আসেন তিনি। বাংলাদেশে আসার আগে চীন সফরও করেছেন ‘র’ প্রধান। তার এই সফর ঘিরে দুই দেশের সম্পর্ক ও আঞ্চলিক কূটনীতিতে নতুন করে আলোচনা তৈরি হয়েছে।
সোমবার (১০ আগস্ট) সরকারি একটি সূত্রের বরাতে জানা গেছে, বাংলাদেশি সংশ্লিষ্ট কর্তৃপক্ষের আমন্ত্রণেই পরাগ জৈন ঢাকায় এসেছেন। তবে ভারত বা বাংলাদেশের পক্ষ থেকে এখনো সফরটি নিয়ে আনুষ্ঠানিক কোনো তথ্য প্রকাশ করা হয়নি।
পরাগ জৈন ভারতের বহিঃগোয়েন্দা সংস্থা রিসার্চ অ্যান্ড অ্যানালাইসিস উইংয়ের (র) সেক্রেটারির পাশাপাশি দেশটির স্পেশাল প্রোটেকশন গ্রুপের (এসপিজি) স্পেশাল সেক্রেটারি হিসেবেও দায়িত্ব পালন করছেন।
চার সদস্যের প্রতিনিধি দল
পরাগ জৈনের নেতৃত্বাধীন প্রতিনিধি দলে রয়েছেন অশ্বীন মুকুন্দ কোটনিস, রাহুল নেগি ও শৈবাল রায় চৌধুরী।
প্রতিনিধি দলটি রবিবার দুপুরে এয়ার ইন্ডিয়ার একটি ফ্লাইটে ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছায়। সফরকালে তারা ঢাকার একটি হোটেলে অবস্থান করবেন বলে সরকারি সূত্র জানিয়েছে।
ঢাকার আগে চীন সফর
বাংলাদেশে আসার আগে চীন সফর করেছেন পরাগ জৈন। এরপর তার ঢাকায় আগমনকে ঘিরে আঞ্চলিক কূটনীতিতে নতুন করে আলোচনা তৈরি হয়েছে।
তবে চীন সফর কিংবা ঢাকায় ‘র’ প্রধানের বর্তমান সফরের আলোচ্যসূচি সম্পর্কে এখনো আনুষ্ঠানিকভাবে বিস্তারিত কিছু জানা যায়নি।
বাংলাদেশ ও ভারতের দ্বিপক্ষীয় সম্পর্কের বিভিন্ন বিষয়ে যোগাযোগ ও সম্পর্ক স্বাভাবিক করার উদ্যোগের মধ্যে ‘র’ প্রধানের ঢাকা সফরকে তাৎপর্যপূর্ণ হিসেবে দেখা হচ্ছে।