বাংলাদেশের প্রধানমন্ত্রী তারেক রহমান ও ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি আলোচনায় বসলে দুই দেশের বিভিন্ন সমস্যার সমাধান সম্ভব বলে মন্তব্য করেছেন ঢাকায় নিযুক্ত ভারতের হাইকমিশনার দীনেশ ত্রিবেদী।
রোববার (৯ আগস্ট) রাজধানীর যমুনা ফিউচার পার্কে ইন্ডিয়ান ভিসা অ্যাপ্লিকেশন সেন্টারের শিশুদের জন্য খেলার জায়গা উদ্বোধন শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এ কথা বলেন।
দীনেশ ত্রিবেদী বলেন, ‘বাংলাদেশের প্রধানমন্ত্রী তারেক রহমানকে আমরা অনেক সম্মান করি। আমি অনেকবার তাঁর বক্তৃতা শুনেছি। তিনি কথাগুলো অন্তর দিয়ে বলেন—এটা আমি দেখেছি। তিনি জনগণের ব্যক্তিত্ব। আমাদের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিও জনগণের ব্যক্তিত্ব। আমার মনে হচ্ছে, যখন এই দুই নেতা আলোচনা করবেন, তখন অনেক সমস্যার সমাধান হয়ে যাবে।’
বাংলাদেশ-ভারত সম্পর্ক নিয়ে আশাবাদ ব্যক্ত করে ভারতের হাইকমিশনার বলেন, আলোচনার মাধ্যমে সমস্যাগুলো চিহ্নিত করা সম্ভব। এরপর পারস্পরিক বোঝাপড়ার মাধ্যমে সেগুলোর সমাধানও করা যাবে।
তিনি বলেন, ‘সমস্যা চিহ্নিত হয় যখন আমরা আলোচনা করি। আমার বিশ্বাস, মানুষ এক আছে, সমস্যার সমাধান হবেই। এখানে নেতিবাচক কিছু নেই, সব ইতিবাচকই হবে।’
এদিকে প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে ভারতের হাইকমিশনার দীনেশ ত্রিবেদীর প্রথম সৌজন্য সাক্ষাৎ সোমবার (১০ আগস্ট) অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে। হাইকমিশনার হিসেবে দায়িত্ব নেওয়ার পর প্রধানমন্ত্রীর সঙ্গে এটিই হবে তাঁর প্রথম সাক্ষাৎ।
সাক্ষাতে বাংলাদেশ ও ভারতের দ্বিপক্ষীয় সম্পর্ক, পারস্পরিক স্বার্থসংশ্লিষ্ট বিভিন্ন বিষয় এবং দুই দেশের ভবিষ্যৎ সহযোগিতা নিয়ে আলোচনা হতে পারে বলে সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে।
দীনেশ ত্রিবেদী গত ১২ জুন ঢাকায় ভারতের নতুন হাইকমিশনার হিসেবে দায়িত্ব নিতে আসেন। তিনি ঢাকায় ভারতের সাবেক হাইকমিশনার প্রণয় ভার্মার স্থলাভিষিক্ত হন।