রাষ্ট্রপতি নির্বাচনে বিএনপির প্রার্থী হিসেবে দলটির মহাসচিব ও স্থানীয় সরকারমন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীরের নাম সবচেয়ে বেশি গুরুত্ব পাচ্ছে বলে দলীয় সূত্রে জানা গেছে। তবে এখনো আনুষ্ঠানিকভাবে প্রার্থীর নাম ঘোষণা করেনি বিএনপি।
এর মধ্যেই রবিবার (৯ আগস্ট) রাষ্ট্রপতি নির্বাচনের জন্য দুটি মনোনয়নপত্র সংগ্রহ করেছে ক্ষমতাসীন বিএনপি। রাজধানীর আগারগাঁওয়ে নির্বাচন ভবনে প্রধান নির্বাচনী কর্মকর্তার কার্যালয় থেকে দলটির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী ও জাতীয় সংসদের চিফ হুইপ নূরুল ইসলাম মনি মনোনয়নপত্র দুটি সংগ্রহ করেন।
চিফ হুইপ নূরুল ইসলাম মনি জানিয়েছেন, একজন প্রার্থীর জন্যই মনোনয়নপত্র নেওয়া হয়েছে। তবে কোনো ধরনের ভুল-ত্রুটি এড়াতে দুটি ফরম সংগ্রহ করা হয়েছে। এখন পর্যন্ত কোনো ব্যক্তির নামে মনোনয়নপত্র সংগ্রহ করা হয়নি বলেও তিনি জানান।
এদিকে, রাষ্ট্রপতি পদে মির্জা ফখরুল ইসলাম আলমগীরকে মনোনয়ন দেওয়ার বিষয়ে বিএনপির নীতিনির্ধারণী পর্যায়ে আলোচনা চলছে বলে দলটির একাধিক নেতা জানিয়েছেন। তাদের ভাষ্য, দলের দীর্ঘদিনের পরীক্ষিত নেতা হিসেবে মির্জা ফখরুলের দল ও দেশের রাজনৈতিক অঙ্গনে গ্রহণযোগ্যতা রয়েছে।
বিএনপির নীতিনির্ধারণী পর্যায়ের নেতাদের মতে, আওয়ামী লীগ সরকারের দীর্ঘ সময়ের রাজনৈতিক সংকট ও আন্দোলনের সময়ে দেশে থেকে দলকে সংগঠিত রাখতে মির্জা ফখরুল গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছেন। সেই ভূমিকার স্বীকৃতি হিসেবে তাকে রাষ্ট্রপতি পদে মনোনয়ন দেওয়ার বিষয়টি গুরুত্ব পাচ্ছে।
তবে দলের ভেতরে এ নিয়ে ভিন্ন মতও রয়েছে। একটি অংশ মনে করছে, দীর্ঘ রাজনৈতিক অভিজ্ঞতার কারণে মির্জা ফখরুলকে বঙ্গভবনে পাঠানো হলে তিনি সম্মানিত হবেন। অন্য অংশের মত, সরকার ও দল পরিচালনায় তার অভিজ্ঞতা গুরুত্বপূর্ণ হওয়ায় তাকে মন্ত্রিসভায় রাখাই বেশি কার্যকর হতে পারে।
মির্জা ফখরুল ছাড়াও রাষ্ট্রপতি পদে বিএনপির স্থায়ী কমিটির সদস্য ড. খন্দকার মোশাররফ হোসেন, ড. মঈন খান ও নজরুল ইসলাম খানের নাম বিভিন্ন সময় আলোচনায় এসেছে। ভারপ্রাপ্ত রাষ্ট্রপতির দায়িত্ব পালন করা জাতীয় সংসদের স্পিকার হাফিজ উদ্দিন আহমদের নামও আলোচনায় ছিল।
তবে বিএনপির স্থায়ী কমিটির বৈঠকে রাষ্ট্রপতি পদে দলের প্রার্থী মনোনয়নের দায়িত্ব দলের চেয়ারম্যান ও প্রধানমন্ত্রী তারেক রহমানকে দেওয়া হয়েছে বলে দলীয় সূত্র জানিয়েছে। ফলে চূড়ান্ত সিদ্ধান্ত তারেক রহমানই নেবেন বলে জানা গেছে।
২০ আগস্ট রাষ্ট্রপতি নির্বাচন
গত ৬ আগস্ট রাষ্ট্রপতি নির্বাচনের তফসিল ঘোষণা করেছে নির্বাচন কমিশন। তফসিল অনুযায়ী, আগামী ১৩ আগস্ট সকাল ১০টা থেকে বিকেল ৪টা পর্যন্ত মনোনয়নপত্র জমা দেওয়া যাবে। মনোনয়নপত্র বাছাই হবে ১৬ আগস্ট এবং প্রার্থিতা প্রত্যাহারের শেষ সময় ১৮ আগস্ট।
একাধিক প্রার্থী থাকলে আগামী ২০ আগস্ট জাতীয় সংসদ ভবনে দুপুর ২টা থেকে বিকেল ৫টা পর্যন্ত ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে। প্রধান নির্বাচন কমিশনার এ এম এম নাসির উদ্দিন রাষ্ট্রপতি নির্বাচনে নির্বাচনী কর্তা হিসেবে দায়িত্ব পালন করবেন।
সংবিধান অনুযায়ী সংসদ সদস্যদের ভোটে রাষ্ট্রপতি নির্বাচিত হন। ফলে সংসদে সংখ্যাগরিষ্ঠতা থাকা বিএনপির প্রার্থীই রাষ্ট্রপতি নির্বাচিত হওয়ার ক্ষেত্রে এগিয়ে থাকবেন। এখন সবার নজর—বিএনপি শেষ পর্যন্ত কাকে রাষ্ট্রপতি পদে মনোনয়ন দেয়।