
রোববার (৯ আগস্ট) সকালে হাইমচর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে উপস্থিত হন স্বাস্থ্যমন্ত্রী। হঠাৎ মন্ত্রীর আগমনে হাসপাতালের চিকিৎসক ও কর্মকর্তা-কর্মচারীদের মধ্যে ব্যস্ততা দেখা যায়। পরিদর্শনের সময় তিনি হাসপাতালের বিভিন্ন বিভাগ ঘুরে দেখেন এবং প্রয়োজনীয় নথিপত্র যাচাই করেন।
এ সময় চিকিৎসাধীন রোগীদের সঙ্গে কথা বলে তারা যথাযথ চিকিৎসা ও প্রয়োজনীয় সেবা পাচ্ছেন কি না, সে বিষয়েও খোঁজ নেন মন্ত্রী। হাসপাতালের সামগ্রিক কার্যক্রম ও স্বাস্থ্যসেবার মান নিয়েও সংশ্লিষ্ট কর্মকর্তাদের সঙ্গে কথা বলেন তিনি।
পরিদর্শন শেষে স্বাস্থ্যসেবায় দায়িত্ব পালনে কোনো ধরনের গাফিলতি মেনে নেওয়া হবে না বলে সংশ্লিষ্টদের সতর্ক করেন স্বাস্থ্যমন্ত্রী। দায়িত্বে অবহেলার অভিযোগের প্রেক্ষাপটে সিভিল সার্জন ডা. নূর আলম দ্বীনকে বদলির নির্দেশ দেন তিনি।
স্বাস্থ্যমন্ত্রী বলেন, সরকার দায়িত্ব নেওয়ার পর গত ছয় মাসে স্বাস্থ্য খাতের বিভিন্ন অনিয়ম, দুর্বলতা ও সীমাবদ্ধতা চিহ্নিত করেছে। এসব সমস্যা দূর করে সাধারণ মানুষের জন্য স্বাস্থ্যসেবা আরও সহজলভ্য করার উদ্যোগ নেওয়া হচ্ছে।
তিনি আরও জানান, মানুষের বাড়ির কাছাকাছি স্বাস্থ্যসেবা পৌঁছে দিতে শিগগিরই ওয়ার্ডভিত্তিক কমিউনিটি ব্যবস্থা চালুর পরিকল্পনা রয়েছে।