দেশে হামের প্রাদুর্ভাব অব্যাহত রয়েছে। গত ২৪ ঘণ্টায় হামের উপসর্গ নিয়ে আরও ৬ জনের মৃত্যু হয়েছে। তাদের মধ্যে ঢাকা বিভাগে ৪ জন এবং সিলেট বিভাগে ২ জন মারা গেছেন। এ নিয়ে গত ১৫ মার্চ থেকে দেশে হামে আক্রান্ত হয়ে ৯৬ জন এবং হামের উপসর্গ নিয়ে ৭৬৪ জনের মৃত্যু হয়েছে। সব মিলিয়ে মোট প্রাণহানির সংখ্যা দাঁড়িয়েছে ৮৬০ জনে।
বৃহস্পতিবার (৬ আগস্ট) স্বাস্থ্য অধিদপ্তরের প্রকাশিত সর্বশেষ প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।
প্রতিবেদনে বলা হয়, হামের উপসর্গ নিয়ে সবচেয়ে বেশি ৩৩৪ জনের মৃত্যু হয়েছে ঢাকা বিভাগে। এছাড়া সিলেটে ১১৭ জন, রাজশাহীতে ৯১ জন, ময়মনসিংহে ৭১ জন, চট্টগ্রামে ৬১ জন, বরিশালে ৪৫ জন, খুলনায় ৩২ জন এবং রংপুর বিভাগে ১৩ জনের মৃত্যু হয়েছে।
গত ২৪ ঘণ্টায় দেশের বিভিন্ন হাসপাতালে হামের উপসর্গ নিয়ে চিকিৎসা নিতে গেছেন ৭৩৩ জন। তাদের মধ্যে ৬৪৫ জনকে হাসপাতালে ভর্তি করা হয়েছে। নতুন ভর্তি রোগীদের মধ্যে ঢাকা বিভাগে ২২৭ জন, চট্টগ্রামে ২১১ জন, সিলেটে ৭৪ জন, বরিশালে ৫৬ জন, ময়মনসিংহে ৩৩ জন, খুলনায় ১৮ জন, রাজশাহীতে ১৬ জন এবং রংপুর বিভাগে ১০ জন রয়েছেন।
এ পর্যন্ত হামের উপসর্গ নিয়ে দেশের বিভিন্ন হাসপাতালে চিকিৎসা নিয়েছেন ১ লাখ ৩৩ হাজার ৬৩৮ জন। তাদের মধ্যে ১ লাখ ১৫ হাজার ৮৭৯ জন হাসপাতালে ভর্তি হয়েছেন। চিকিৎসা শেষে সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন ১ লাখ ১১ হাজার ৫৮৭ জন।
অন্যদিকে, গত ২৪ ঘণ্টায় নমুনা পরীক্ষায় আরও ৮৫ জনের শরীরে হাম শনাক্ত হয়েছে। ১৫ মার্চ থেকে এখন পর্যন্ত মোট ১৬ হাজার ৭৪০ জনের শরীরে হামের সংক্রমণ নিশ্চিত হয়েছে। স্বাস্থ্য অধিদপ্তর পরিস্থিতি মোকাবিলায় প্রয়োজনীয় স্বাস্থ্যবিধি মেনে চলা এবং উপসর্গ দেখা দিলে দ্রুত চিকিৎসকের পরামর্শ নেওয়ার আহ্বান জানিয়েছে।