লিওনেল মেসি আর্জেন্টিনার জার্সিতে খেলা চালিয়ে যাবেন, নাকি আন্তর্জাতিক ফুটবলকে বিদায় জানাবে, এ নিয়ে চলমান জল্পনার মধ্যে মুখ খুলেছেন আর্জেন্টিনা ফুটবল অ্যাসোসিয়েশনের (এএফএ) সভাপতি ক্লদিও তাপিয়া। তিনি স্পষ্ট করে জানিয়েছেন, মেসির ভবিষ্যৎ নিয়ে কোনো চাপ সৃষ্টি করতে চান না তারা; সিদ্ধান্ত পুরোপুরি মেসির ব্যক্তিগত।
সম্প্রতি এক অনুষ্ঠানে তাপিয়া বলেন, মেসিকে নিজের মতো করে সময় দিতে হবে এবং তিনি যখন যেটিকে নিজের জন্য সঠিক মনে করবেন, সেটিই করবেন। ২০২৬ বিশ্বকাপের আগেও মেসি এক ম্যাচ করে এগোনোর কথা বলেছিলেন। তাই ভবিষ্যৎ নিয়েও একই ধরনের ধৈর্য দেখানোর আহ্বান জানান এএফএ সভাপতি।
২০২৬ বিশ্বকাপে শিরোপা জিততে না পারলেও মেসি ছিলেন আর্জেন্টিনার অন্যতম সেরা পারফরমার। পুরো টুর্নামেন্টে তিনি ৮টি গোল ও ৪টি অ্যাসিস্ট করেন। আলজেরিয়ার বিপক্ষে হ্যাটট্রিকসহ গুরুত্বপূর্ণ ম্যাচগুলোতে দলকে নেতৃত্ব দেন অভিজ্ঞ এই অধিনায়ক।
মেসির প্রশংসা করে তাপিয়া বলেন, বিশ্বকাপে আর্জেন্টিনার পথপ্রদর্শক ছিলেন মেসিই। তাঁর মতে, টুর্নামেন্টজুড়ে একের পর এক রেকর্ড গড়ে মেসি আবারও প্রমাণ করেছেন কেন তিনি বিশ্বের অন্যতম সেরা ফুটবলার।
বিশ্বকাপ চলাকালে মেসির সঙ্গে কাটানো মুহূর্তগুলোর কথাও স্মরণ করেন তাপিয়া। প্রতিটি ম্যাচের পর অধিনায়কের সঙ্গে আলিঙ্গন, পারস্পরিক শ্রদ্ধা ও ভালোবাসার স্মৃতি তাঁর কাছে আজীবন বিশেষ হয়ে থাকবে বলেও জানান এএফএ সভাপতি।