রাশিয়া ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র ও ড্রোন ব্যবহার করে ইউক্রেনের রাজধানী কিয়েভ ও আশপাশের এলাকায় ব্যাপক হামলা চালিয়েছে। এতে অন্তত ১৭ জন নিহত এবং ৪৪ জন আহত হয়েছেন। চলতি বছরে কিয়েভ অঞ্চলে সংঘটিত সবচেয়ে প্রাণঘাতী হামলাগুলোর একটি হিসেবে এটিকে উল্লেখ করা হচ্ছে।
বুধবার মধ্যরাতের পর শুরু হওয়া হামলার সময় কিয়েভের সামরিক প্রশাসনের প্রধান তিমুর তকাচেঙ্কো জানান, রাশিয়া একের পর এক ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করে। হামলার কারণে এক ঘণ্টারও বেশি সময় বিমান হামলার সতর্কতা জারি ছিল।
কিয়েভের সামরিক প্রশাসনের তথ্য অনুযায়ী, হামলায় আবাসিক ভবন, গুদামসহ বিভিন্ন বেসামরিক স্থাপনা ক্ষতিগ্রস্ত হয়েছে। নিহতদের মধ্যে বরিসপিল জেলায় ৯ জন, বুচা জেলায় ৪ জন এবং ফাস্তিভ জেলায় একজনের মৃত্যুর তথ্য নিশ্চিত করা হয়েছে। বাকি হতাহতের ঘটনাও কিয়েভ অঞ্চলের বিভিন্ন স্থানে ঘটেছে।
কিয়েভের মেয়র ভিতালি ক্লিচকো জানান, শহরের কেন্দ্রস্থলে ক্ষেপণাস্ত্র আঘাত হানা ভবনের ধ্বংসস্তূপের নিচে আরও মানুষ আটকা পড়ে থাকতে পারেন। আহতদের মধ্যে অন্তত চারজনের অবস্থা গুরুতর বলে তিনি জানান।
এ হামলার বিষয়ে তাৎক্ষণিকভাবে রাশিয়ার পক্ষ থেকে কোনো মন্তব্য পাওয়া যায়নি। ইউক্রেনের সামরিক প্রশাসন অভিযোগ করেছে, রাশিয়া ইচ্ছাকৃতভাবে বেসামরিক মানুষ ও অবকাঠামোকে লক্ষ্যবস্তু করছে।
এদিকে সাম্প্রতিক সপ্তাহগুলোতে রাশিয়া কিয়েভে হামলার মাত্রা বাড়ানোর পাশাপাশি ইউক্রেনও রাশিয়ার বিভিন্ন স্থাপনা ও অবকাঠামোতে হামলা জোরদার করেছে। উভয় দেশই বেসামরিক জনগণকে লক্ষ্য করে হামলার অভিযোগ অস্বীকার করে আসছে।
রুশ ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র প্রতিহত করতে মিত্র দেশগুলোর কাছে আরও যুক্তরাষ্ট্রে তৈরি প্যাট্রিয়ট আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা সরবরাহের আহ্বান জানিয়েছে ইউক্রেন।