সংযুক্ত আরব আমিরাতের দুবাইয়ের জেবেল আলি শিল্পাঞ্চল ও বন্দর এলাকায় মাত্র ২০ মিনিটের ব্যবধানে অন্তত সাতটি বিস্ফোরণের ঘটনায় ব্যাপক আতঙ্ক ছড়িয়ে পড়েছে। বিস্ফোরণের পর আকাশজুড়ে ঘন কালো ধোঁয়া দেখা যায়। তবে ঘটনার প্রকৃত কারণ এখনো আনুষ্ঠানিকভাবে জানায়নি আমিরাত কর্তৃপক্ষ। ক্ষেপণাস্ত্র হামলার দাবি উঠলেও তা স্বাধীনভাবে বা সরকারি পর্যায়ে নিশ্চিত করা হয়নি।
সংযুক্ত আরব আমিরাতের দুবাইয়ের জেবেল আলি শিল্প এলাকায় বুধবার (৫ আগস্ট) ভোরে এসব ঘটনা ঘটে।ঘটনাস্থলে দ্রুত দমকল, পুলিশ ও বেসামরিক প্রতিরক্ষা বাহিনীর সদস্যরা পৌঁছে আগুন নিয়ন্ত্রণে কাজ শুরু করেন।
স্থানীয় সময় আনুমানিক রাত আড়াইটা থেকে ভোর ৩টার মধ্যে বিস্ফোরণগুলো ঘটে। প্রত্যক্ষদর্শীরা জানান, আগুনের শিখা দেখা দেওয়ার আগে একাধিক বিকট শব্দে আশপাশের ভবন কেঁপে ওঠে। সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়া ভিডিওতে গুদাম এলাকার ওপর বিশাল আগুনের গোলা এবং ধারাবাহিক বিস্ফোরণের দৃশ্য দেখা গেছে।
জেবেল আলি মধ্যপ্রাচ্যের অন্যতম বৃহৎ গভীর সমুদ্রবন্দর এবং আন্তর্জাতিক বাণিজ্যের গুরুত্বপূর্ণ কেন্দ্র হওয়ায় ঘটনাটি তাৎক্ষণিকভাবে উদ্বেগ সৃষ্টি করেছে। বিস্ফোরণের পর ক্ষতিগ্রস্ত এলাকা ঘিরে ফেলে নিরাপত্তা বাহিনী এবং জরুরি কাজের সঙ্গে সংশ্লিষ্ট নন এমন ব্যক্তিদের সেখান থেকে সরিয়ে নেওয়া হয়।
প্রাথমিক কিছু অনানুষ্ঠানিক তথ্য ও আঞ্চলিক পর্যবেক্ষকদের দাবি, এটি গুরুত্বপূর্ণ অবকাঠামোকে লক্ষ্য করে দূরপাল্লার হামলা হতে পারে। তবে এ বিষয়ে সংযুক্ত আরব আমিরাতের কর্তৃপক্ষ এখনো কোনো আনুষ্ঠানিক নিশ্চিত তথ্য দেয়নি। বিস্ফোরণের কারণ, ক্ষয়ক্ষতির পরিমাণ এবং হতাহতের বিষয়ে তদন্ত চলছে।
দুবাই কর্তৃপক্ষ বাসিন্দাদের জেবেল আলির আশপাশের এলাকা এড়িয়ে চলার আহ্বান জানিয়েছে। একই সঙ্গে পরিস্থিতি স্বাভাবিক না হওয়া পর্যন্ত নিরাপত্তা ব্যবস্থা জোরদার রাখা হয়েছে। তদন্ত শেষ হলে ঘটনার বিস্তারিত তথ্য প্রকাশ করা হবে বলে জানিয়েছে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ।