দীর্ঘদিন ধরে অং সান সু চির অবস্থান ও শারীরিক অবস্থা নিয়ে চলা জল্পনা-কল্পনার অবসান ঘটাতে প্রথমবারের মতো তাঁর সাম্প্রতিক ছবি প্রকাশ করেছে মিয়ানমারের জান্তা সরকার। আন্তর্জাতিক রেড ক্রসের (আইসিআরসি) এক কর্মকর্তার সঙ্গে সাক্ষাতের ছবি প্রকাশের মাধ্যমে জান্তা দাবি করেছে, দেশটির সাবেক নেত্রী সু চি জীবিত ও সুস্থ আছেন। ছবিগুলো প্রকাশের পর আন্তর্জাতিক মহলে নতুন করে তাঁর মুক্তি ও স্বাধীনভাবে সাক্ষাতের সুযোগ নিশ্চিত করার দাবি জোরালো হয়েছে।
৮১ বছর বয়সী নোবেল শান্তি পুরস্কারজয়ী সু চিকে সম্প্রতি কারাগার থেকে গৃহবন্দিত্বে নেওয়া হয়েছে। আইসিআরসি জানিয়েছে, তাদের প্রতিনিধি সংস্থার প্রচলিত নিয়ম মেনে ব্যক্তিগতভাবে তাঁর সঙ্গে সাক্ষাৎ করেছেন। তবে বৈঠকের বিস্তারিত প্রকাশ করা হয়নি।
২০২১ সালের ফেব্রুয়ারিতে সেনাবাহিনী নির্বাচিত সরকারকে ক্ষমতাচ্যুত করার পর থেকেই সু চি আটক রয়েছেন। তাঁর অবস্থান ও শারীরিক অবস্থা নিয়ে দীর্ঘদিন ধরে আন্তর্জাতিক মহলে উদ্বেগ ছিল। এর আগে রাষ্ট্রীয় গণমাধ্যমে প্রকাশিত একটি ছবির সত্যতা নিয়েও প্রশ্ন উঠেছিল।
সু চির ছেলে কিম অ্যারিস বারবার তাঁর মায়ের জীবিত থাকার স্বাধীনভাবে যাচাইযোগ্য প্রমাণ প্রকাশ এবং নিঃশর্ত মুক্তির দাবি জানিয়ে আসছেন। তাঁর ভাষ্য, কারাগার থেকে গৃহবন্দিত্বে স্থানান্তর কোনো স্বাধীনতা নয়; সু চি এখনো কার্যত বন্দী।
বিভিন্ন মামলায় সু চির মোট ৩৩ বছরের কারাদণ্ড হয়েছিল। চলতি বছরের দুটি সাধারণ ক্ষমার আওতায় তাঁর সাজা কমিয়ে ১৮ বছর করা হয়। আন্তর্জাতিক মহল বরাবরই এসব মামলার বিচারপ্রক্রিয়ার স্বচ্ছতা ও ন্যায়বিচার নিয়ে প্রশ্ন তুলে আসছে।