বাংলাদেশসহ ৫০টি দেশের নাগরিকদের জন্য অ-অভিবাসী ভিসা ব্যবস্থায় নতুন নিয়ম চালু করছে যুক্তরাষ্ট্র। নতুন বিধান অনুযায়ী, নির্ধারিত দেশগুলোর বি-১ (ব্যবসায়িক) ও বি-২ (পর্যটন) ভিসা আবেদনকারীদের ক্ষেত্রে প্রয়োজন মনে করলে কনস্যুলার কর্মকর্তা ভিসা অনুমোদনের শর্ত হিসেবে সর্বোচ্চ ২০ হাজার মার্কিন ডলার পর্যন্ত বন্ড জমা দিতে বলতে পারবেন।
শুক্রবার (৩১ জুলাই) অনলাইনে প্রকাশিত ফেডারেল রেজিস্টারের বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে। বিজ্ঞপ্তি অনুযায়ী, বন্ড জমা দেওয়ার বিষয়টি সবার জন্য বাধ্যতামূলক নয়; এটি সম্পূর্ণভাবে সংশ্লিষ্ট কনস্যুলার কর্মকর্তার বিবেচনার ওপর নির্ভর করবে।
যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র দপ্তর জানিয়েছে, ২০২৫ সালে পরিচালিত ভিসা বন্ড পাইলট কর্মসূচির অভিজ্ঞতার ভিত্তিতেই এ নিয়ম স্থায়ী করা হচ্ছে। ওই কর্মসূচির মূল্যায়নে দেখা গেছে, বন্ডভিত্তিক ব্যবস্থা ভিসার শর্ত মেনে চলা নিশ্চিত করতে কার্যকর ভূমিকা রাখতে পারে।
এর আগে পাইলট কর্মসূচিতে ৫ হাজার, ১০ হাজার ও ১৫ হাজার ডলার পর্যন্ত বন্ড নির্ধারণের সুযোগ ছিল। তবে নতুন নিয়মে ৫ হাজার ডলারের বিকল্প বাদ দেওয়া হয়েছে এবং সর্বোচ্চ বন্ডের পরিমাণ বাড়িয়ে ২০ হাজার ডলার করা হয়েছে।
ফেডারেল রেজিস্টারে ৩ আগস্ট নিয়মটি আনুষ্ঠানিকভাবে প্রকাশের সঙ্গে সঙ্গেই এটি কার্যকর হবে। কর্মসূচির আওতায় থাকা ৫০টি দেশের মধ্যে ৩০টিই আফ্রিকার দেশ। বাংলাদেশও নতুন এই তালিকাভুক্ত দেশগুলোর একটি।