ইরানের ওপর যুক্তরাষ্ট্রের বিদ্যমান নিষেধাজ্ঞার মেয়াদ আরও পাঁচ বছর বাড়ানো হয়েছে। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ‘লিন্ডসে ও. গ্রাহাম স্যাংশনিং রাশিয়া অ্যান্ড ইরান অ্যাক্ট অব ২০২৬’ নামে নতুন আইনে স্বাক্ষর করার পর নিষেধাজ্ঞার মেয়াদ ২০৩১ সাল পর্যন্ত বহাল থাকবে।
শুক্রবার (১৮ সেপ্টেম্বর) আইনটিতে স্বাক্ষর করেন ট্রাম্প। এতে ইরানের পাশাপাশি রাশিয়ার বিরুদ্ধেও নিষেধাজ্ঞা, শুল্ক ও অন্যান্য বিধিনিষেধ জোরদারের সুযোগ রাখা হয়েছে।
আইনের আওতায় মূলত Iran Sanctions Act of 1996-এর মেয়াদ বাড়ানো হয়েছে। এই আইনের মাধ্যমে ইরানের জ্বালানি খাতসহ নির্দিষ্ট কর্মকাণ্ডে জড়িত ব্যক্তি ও প্রতিষ্ঠানের ওপর নিষেধাজ্ঞা আরোপের মার্কিন আইনি ক্ষমতা বহাল থাকে।
ইরানের তেল রপ্তানির বড় অংশ চীনে যায়। দেশটির তেল বাণিজ্যের সঙ্গে যুক্ত বিভিন্ন বিদেশি ব্যক্তি, প্রতিষ্ঠান ও জাহাজের বিরুদ্ধেও যুক্তরাষ্ট্র অতীতে নিষেধাজ্ঞা দিয়েছে।
নতুন আইনের ফলে ইরানের সঙ্গে সংশ্লিষ্ট ব্যবসা ও আর্থিক কার্যক্রমে মার্কিন নিষেধাজ্ঞার ঝুঁকি আরও কয়েক বছর বহাল থাকছে।
আইনটির নামকরণ করা হয়েছে প্রয়াত রিপাবলিকান সিনেটর লিন্ডসে ও. গ্রাহামের নামে। রাশিয়া ও ইরানের বিরুদ্ধে কঠোর নিষেধাজ্ঞার পক্ষে তিনি দীর্ঘদিন কংগ্রেসে সক্রিয় ছিলেন।