
সৌদি আরবের রাজধানী রিয়াদে ভোররাতে বিমান হামলার সতর্কতা জারির পর একাধিক বিস্ফোরণের শব্দ শোনা গেছে। স্থানীয় বাসিন্দাদের মোবাইল ফোনে সম্ভাব্য ‘শত্রুভাবাপন্ন আকাশপথের হুমকি’র বিষয়ে সতর্ক করে ঘরের ভেতরে থাকার নির্দেশ দেওয়া হয়েছিল।
শনিবার (১৯ সেপ্টেম্বর) স্থানীয় সময় ভোর ৩টার কিছু আগে রিয়াদের বাসিন্দাদের কাছে জরুরি সতর্কবার্তা পৌঁছায়। এতে সম্ভাব্য আকাশপথের হুমকির কথা জানিয়ে নাগরিকদের নিরাপদ স্থানে অবস্থান করতে বলা হয়।
সতর্কবার্তা পাওয়ার পরপরই রিয়াদে দুটি বিকট বিস্ফোরণের শব্দ শোনার কথা জানিয়েছেন বার্তা সংস্থা এএফপির সাংবাদিকরা। তবে বিস্ফোরণ দুটির উৎস এবং সেগুলোতে কোনো ক্ষয়ক্ষতি বা হতাহতের ঘটনা ঘটেছে কি না, তাৎক্ষণিকভাবে নিশ্চিত হওয়া যায়নি।
প্রায় আধা ঘণ্টা পর পরিস্থিতি স্বাভাবিক হওয়ার ঘোষণা দেয় সৌদি আরবের সিভিল ডিফেন্স। রিয়াদ ও পার্শ্ববর্তী আল-খারজ এলাকায় জারি করা সতর্কতা প্রত্যাহার করে নাগরিকদের নিরাপত্তা নির্দেশনা মেনে চলতে বলা হয়।
এর আগে সতর্কতা চলাকালে বাসিন্দাদের খোলা জায়গা, জানালার কাচ, বারান্দা ও ছাদ থেকে দূরে থাকার নির্দেশ দেওয়া হয়েছিল। বাইরে থাকা ব্যক্তিদের কাছের নিরাপদ ভবনে আশ্রয় নেওয়া অথবা শক্ত কোনো আড়ালের পেছনে অবস্থান করার পরামর্শও দেওয়া হয়।
ইয়েমেনে সংঘাত নতুন করে তীব্র হওয়ার পর সৌদি আরবের বিভিন্ন এলাকায় ড্রোন ও ক্ষেপণাস্ত্র হামলার ঘটনা বেড়েছে। এই পরিস্থিতিতে রিয়াদে এমন সতর্কতা জারি এবং বিস্ফোরণের শব্দ শোনার ঘটনাকে রাজধানী ঘিরে নিরাপত্তা পরিস্থিতির নতুন বিকাশ হিসেবে দেখা হচ্ছে। এএফপির তথ্য অনুযায়ী, জুলাইয়ে ইয়েমেনের সংঘাত তীব্র হওয়ার পর এই প্রথম রিয়াদ সরাসরি এমন পরিস্থিতির মুখে পড়ল।
তবে শনিবারের বিস্ফোরণের সঙ্গে কারা জড়িত, কিংবা ঠিক কী কারণে বিস্ফোরণের শব্দ শোনা গেছে—এ বিষয়ে সৌদি কর্তৃপক্ষ তাৎক্ষণিকভাবে বিস্তারিত কোনো তথ্য দেয়নি।