সৌদি আরবে ওমরাহ পালন করতে যাওয়া বাংলাদেশি যাত্রীদের জন্য নতুন নিয়ম চালু করেছে সৌদি কর্তৃপক্ষ। নতুন সিদ্ধান্ত অনুযায়ী, বাংলাদেশসহ পাকিস্তান, ভারত ও মিশর থেকে যাওয়া ওমরাহযাত্রীদের প্রতিদিনের খাবারের জন্য বাধ্যতামূলকভাবে প্রায় ২০ সৌদি রিয়াল অতিরিক্ত পরিশোধ করতে হবে। এই অর্থ ভিসা ফি'র সঙ্গেই যুক্ত থাকবে। আগামী ১ রবিউল আউয়াল থেকে নতুন নিয়ম কার্যকর হবে।
নতুন ব্যবস্থার আওতায় ওমরাহযাত্রীদের থাকা, যাতায়াত ও খাবার ব্যবস্থাপনা একটি নির্ধারিত অ্যাপের মাধ্যমে পরিচালিত হবে। মক্কা ও মদিনার প্রায় ১০ হাজার রেস্তোরাঁ এই সেবার সঙ্গে যুক্ত থাকবে। ভিসার সঙ্গে দেওয়া একটি বিশেষ কোড ব্যবহার করে নিবন্ধিত রেস্তোরাঁ থেকে খাবার সংগ্রহ করতে পারবেন যাত্রীরা।
সৌদি কর্তৃপক্ষ জানিয়েছে, ওমরাহযাত্রীদের জন্য মানসম্মত খাবার নিশ্চিত করা এবং অনিয়ম কমাতেই এই উদ্যোগ নেওয়া হয়েছে। তবে নতুন নিয়ম কার্যকর হলে বাংলাদেশ থেকে ওমরাহ পালনের মোট খরচ কিছুটা বাড়তে পারে। এ কারণে দেশের ট্রাভেল এজেন্সিগুলো নতুন ব্যয়ের সঙ্গে সামঞ্জস্য রেখে ওমরাহ প্যাকেজ হালনাগাদের কাজ শুরু করেছে।
পাকিস্তানের সংবাদমাধ্যম দ্য নিউজ এ তথ্য জানিয়েছে।