২০২৭ সালের পবিত্র হজ পালনের প্রস্তুতি শুরু হয়েছে। সৌদি আরব ঘোষিত হজ রোডম্যাপ অনুযায়ী বুধবার (১ জুলাই) থেকে আনুষ্ঠানিকভাবে হজের প্রাক-নিবন্ধন কার্যক্রম শুরু হয়েছে। ধর্ম বিষয়ক মন্ত্রণালয় জানিয়েছে, আগ্রহী হজযাত্রীদের আগামী ২৬ সেপ্টেম্বর এর মধ্যে প্রাক-নিবন্ধন সম্পন্ন করতে হবে।
ধর্ম বিষয়ক মন্ত্রণালয়ের পক্ষ থেকে জানানো হয়, সৌদি সরকারের নির্ধারিত সময়সূচি অনুসরণ করেই এ সময়সীমা নির্ধারণ করা হয়েছে। নির্ধারিত সময়ের মধ্যে প্রাক-নিবন্ধন সম্পন্ন করার জন্য সম্ভাব্য হজযাত্রীদের প্রতি আহ্বান জানানো হয়েছে।
এর আগে গত ২৯ মে সৌদি আরবের জেদ্দায় আয়োজিত এক অনুষ্ঠানে ২০২৭ সালের হজ কার্যক্রমের রোডম্যাপ ঘোষণা করে দেশটির হজ ও উমরাহ মন্ত্রণালয়। অনুষ্ঠানে বিভিন্ন দেশের ধর্ম বিষয়ক মন্ত্রীদের হাতে আনুষ্ঠানিকভাবে এ রোডম্যাপ তুলে দেওয়া হয়।
বাংলাদেশের পক্ষে অনুষ্ঠানে অংশ নেন ধর্মমন্ত্রী কাজী শাহ মোফাজ্জাল হোসাইন। সৌদি হজ ও উমরাহ মন্ত্রণালয়ের সহকারী মন্ত্রী ড. আল হাসান বিন ইয়াহইয়া আল মানাখরাহ তার হাতে আনুষ্ঠানিকভাবে রোডম্যাপ হস্তান্তর করেন।
রোডম্যাপ অনুযায়ী, ৮ নভেম্বর বাংলাদেশ ও সৌদি আরবের মধ্যে দ্বিপাক্ষিক হজ চুক্তি স্বাক্ষরিত হবে। এরপর ২০২৭ সালের ২৮ জানুয়ারি থেকে হজ ভিসা ইস্যু শুরু হবে এবং ৮ এপ্রিল থেকে হজযাত্রীদের বহনকারী ফ্লাইট পরিচালনা শুরু হবে।
চাঁদ দেখা সাপেক্ষে, ২০২৭ সালের ১৫ মে (৯ জিলহজ) পবিত্র হজ অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে।