দেশের বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানে ধারাবাহিক সংঘর্ষের ঘটনায় উদ্বেগ প্রকাশ করে শিক্ষামন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলন বলেছেন, শিক্ষাঙ্গনে কোনো ধরনের সন্ত্রাস বা সহিংসতা বরদাশত করা হবে না। তিনি জানান, সংঘর্ষে জড়িতদের বিরুদ্ধে আইনানুগ ও শাস্তিমূলক ব্যবস্থা নিতে সংশ্লিষ্টদের নির্দেশনা দেওয়া হয়েছে। একই সঙ্গে যারা উসকানি দিচ্ছে, তাদেরও আইনের আওতায় আনার কথা জানান তিনি।
মঙ্গলবার (৪ আগস্ট) জাগো নিউজকে দেওয়া প্রতিক্রিয়ায় শিক্ষামন্ত্রী বলেন, সাম্প্রতিক ঘটনাগুলো সরকার নিবিড়ভাবে পর্যবেক্ষণ করছে। এদিকে গত কয়েক দিনে ঢাকা বিশ্ববিদ্যালয়, জগন্নাথ বিশ্ববিদ্যালয়, বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়সহ দেশের একাধিক শিক্ষাপ্রতিষ্ঠানে ছাত্রদল ও ছাত্রশিবিরের নেতাকর্মীদের মধ্যে সংঘর্ষে অর্ধশতাধিক ব্যক্তি আহত হয়েছেন। পরিস্থিতি যাতে আরও অবনতির দিকে না যায়, সে জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে।