এনসিপির মুখ্য সমন্বয়ক নাসীরুদ্দীন পাটওয়ারীকে ‘অবাঞ্ছিত’ ঘোষণা করে ঢাকা কলেজ ক্যাম্পাসে পোস্টার লাগিয়েছে ছাত্রদলের একটি অংশ। বিএনপির বিরুদ্ধে ‘প্রোপাগান্ডা’ ছড়ানোর অভিযোগ তুলে সোমবার (৩ আগস্ট) সকালে প্রশাসনিক ভবন, প্রধান ফটকসহ ক্যাম্পাসের বিভিন্ন স্থানে এসব পোস্টার টানানো হয়। তবে দুপুরের মধ্যেই কলেজ প্রশাসন পোস্টারগুলো অপসারণ করে।
পোস্টারিংয়ে নেতৃত্ব দেওয়া ঢাকা কলেজ ছাত্রদলের আহ্বায়ক কমিটির স্থগিত সদস্য শেখ পারভেজ মোশাররফ দাবি করেন, নাসীরুদ্দীন পাটওয়ারীর বক্তব্য সমাজে বিভাজন ও ঘৃণা ছড়াচ্ছে। এ কারণেই তাকে ক্যাম্পাসে ‘অবাঞ্ছিত’ ঘোষণা করে পোস্টারিং করা হয়েছে।
অন্যদিকে এ ঘটনার নিন্দা জানিয়েছে জাতীয় ছাত্রশক্তি ঢাকা কলেজ শাখা। সংগঠনটির সদস্যসচিব সজিব উদ্দিন বলেন, নাসীরুদ্দীন পাটওয়ারীকে ঘিরে যারা আপত্তি তুলছেন, তারা প্রকৃতপক্ষে বিএনপির রাজনীতির সঙ্গে পরিচিত নন এবং তাদের মধ্যে ‘গুপ্ত আওয়ামী লীগের’ প্রভাব রয়েছে বলে তিনি মন্তব্য করেন।
ঘটনাকে কেন্দ্র করে ঢাকা কলেজ ক্যাম্পাসে রাজনৈতিক অঙ্গনে নতুন করে আলোচনা শুরু হয়েছে।