নেপালের দক্ষিণাঞ্চলে হিন্দু ও মুসলিম সম্প্রদায়ের মধ্যে সংঘর্ষে অন্তত তিনজন নিহত হয়েছেন। পরিস্থিতি উত্তপ্ত হয়ে উঠলে একাধিক জেলায় কারফিউ জারি করেছে কর্তৃপক্ষ এবং আইনশৃঙ্খলা রক্ষায় বিপুলসংখ্যক পুলিশ ও সেনা সদস্য মোতায়েন করা হয়েছে। এ অবস্থায় দেশবাসীর প্রতি শান্ত ও সংযত থাকার আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী বালেন্দ্র শাহ।
বার্তা সংস্থা এএফপি ও নেপালের সংবাদমাধ্যম দ্য কাঠমান্ডু পোস্ট জানায়, গত রোববার ভারতের সীমান্তবর্তী সুনসারি জেলার একটি গ্রামে হিন্দুদের শোভাযাত্রাকে কেন্দ্র করে উত্তেজনার সৃষ্টি হয়। উচ্চস্বরে গান বাজানো এবং ধর্মীয় পতাকা ব্যবহার নিয়ে দুই সম্প্রদায়ের মধ্যে প্রথমে বাকবিতণ্ডা, পরে তা সহিংস সংঘর্ষে রূপ নেয়। পরিস্থিতি নিয়ন্ত্রণে পুলিশ গুলি চালায়।
নেপাল পুলিশের মুখপাত্র আবি নারায়ণ কাফলের বরাত দিয়ে জানানো হয়, সংঘর্ষে প্রথমে দুজন নিহত হন। পরে বৃহস্পতিবার কারফিউ চলাকালে সিরাহা জেলায় বিক্ষোভের সময় আরও একজন নিহত হন। এ নিয়ে নিহতের সংখ্যা বেড়ে তিনজনে দাঁড়িয়েছে।
পরিস্থিতির অবনতি হওয়ায় বৃহস্পতিবার রাত থেকে সুনসারি, সপ্তারি, সিরাহা ও ধনুষা জেলায় কারফিউ জারি করা হয়েছে। পাশাপাশি সহিংসতা ছড়িয়ে পড়ার আশঙ্কায় পারসা জেলাতেও বিধিনিষেধ আরোপ করেছে প্রশাসন।
ভিডিও বার্তায় প্রধানমন্ত্রী বালেন্দ্র শাহ বলেন, সরকার ঘটনার নিরপেক্ষ ও স্বচ্ছ তদন্ত করবে এবং দোষীদের আইনের আওতায় আনা হবে। তিনি নাগরিক, রাজনৈতিক দল, ধর্মীয় নেতা, সুশীল সমাজ ও গণমাধ্যমকে ধৈর্য ও সংযম বজায় রেখে শান্তিপূর্ণ পরিবেশ রক্ষায় সহযোগিতা করার আহ্বান জানান।