লক্ষ্মীপুরের রামগতি উপজেলায় সড়ক খননের সময় মাটির নিচ থেকে তিনটি সন্দেহভাজন মর্টার শেল উদ্ধার হওয়ায় এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। ঘটনাটি বুধবার (২৯ জুলাই) দুপুরে আ স ম আবদুর রব সরকারি কলেজ-সংলগ্ন টিএটি অফিস সড়কে পানির লাইনের উন্নয়নকাজ চলাকালে ঘটে। বিস্ফোরক সন্দেহে তাৎক্ষণিকভাবে কাজ বন্ধ করে দেওয়া হয়েছে। সেনাবাহিনী ও পুলিশের বোমা নিষ্ক্রিয়করণ দলকে খবর দেওয়া হয়েছে।
স্থানীয় সূত্র জানায়, পানির লাইন সংস্কারের জন্য শ্রমিকরা প্রায় দুই থেকে তিন ফুট গভীরে মাটি খননের সময় পাশাপাশি থাকা ধাতব আকৃতির তিনটি বস্তু দেখতে পান। বস্তুগুলো মর্টার শেল হতে পারে—এমন সন্দেহে তারা দ্রুত কাজ বন্ধ করে নিরাপদ স্থানে সরে যান। খবর ছড়িয়ে পড়লে স্থানীয়দের মধ্যে আতঙ্ক দেখা দেয়।
খবর পেয়ে রামগতি থানা-পুলিশ ঘটনাস্থলে পৌঁছে পুরো এলাকা ঘিরে নিরাপত্তাব্যবস্থা জোরদার করে। একই সঙ্গে সাধারণ মানুষকে ঘটনাস্থলের কাছাকাছি না যাওয়ার জন্য সতর্ক করা হয়।
রামগতি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) লিটন দেওয়ান বলেন, প্রাথমিকভাবে উদ্ধার হওয়া বস্তুগুলো মর্টার শেল বলে ধারণা করা হচ্ছে। তবে এগুলো কতটা পুরোনো কিংবা কার্যক্ষম, তা বিশেষজ্ঞদের পরীক্ষা ছাড়া নিশ্চিত হওয়া সম্ভব নয়। তিনি জানান, দীর্ঘদিন মাটির নিচে থাকলে সাধারণত মর্টার শেলে জং ধরে, কিন্তু উদ্ধার হওয়া বস্তুগুলোতে তেমন জং দেখা যায়নি।
ওসি আরও জানান, সেনাবাহিনী ও পুলিশের বোমা নিষ্ক্রিয়করণ দলকে ইতোমধ্যে অবহিত করা হয়েছে। তারা ঘটনাস্থলে এসে বস্তুগুলোর প্রকৃতি পরীক্ষা করে প্রয়োজনীয় ব্যবস্থা নেবে এবং নিরাপদ উপায়ে সেগুলো নিষ্ক্রিয় করবে।
এ ঘটনায় এলাকায় কৌতূহলের পাশাপাশি উদ্বেগও বিরাজ করছে। বিশেষজ্ঞ দলের পরিদর্শনের আগ পর্যন্ত ঘটনাস্থলে নিরাপত্তা ব্যবস্থা বজায় রাখা হয়েছে।