বগুড়ার গাবতলী উপজেলার সুখানপুকুর রেলস্টেশনে একই লাইনে দুটি ট্রেন মুখোমুখি চলে আসায় যাত্রীদের মধ্যে চরম আতঙ্ক ছড়িয়ে পড়ে। সম্ভাব্য সংঘর্ষের আশঙ্কায় চলন্ত ট্রেন থেকে লাফিয়ে পড়লে অন্তত চারজন যাত্রী আহত হন।
বুধবার (২৯ জুলাই) সকাল সাড়ে ৮টার দিকে এ ঘটনা ঘটে। তবে চালক ও স্টেশন কর্তৃপক্ষের দ্রুত পদক্ষেপে বড় ধরনের দুর্ঘটনা এড়ানো সম্ভব হয়েছে।
স্থানীয় সূত্র ও প্রত্যক্ষদর্শীরা জানান, একটি ট্রেন স্টেশনে প্রবেশের সময় বিপরীত দিক থেকে পদ্মরাগ ট্রেনও একই লাইনে চলে আসে। মুখোমুখি অবস্থায় দুটি ট্রেনকে দেখতে পেয়ে যাত্রীরা আতঙ্কিত হয়ে পড়েন। এ সময় কয়েকজন যাত্রী প্রাণ বাঁচাতে চলন্ত ট্রেন থেকে লাফ দেন। এতে চারজন আহত হন।
খবর পেয়ে স্টেশন কর্তৃপক্ষ ও স্থানীয় বাসিন্দারা আহতদের উদ্ধার করে দ্রুত প্রাথমিক চিকিৎসার ব্যবস্থা করেন।
সুখানপুকুর রেলস্টেশনের স্টেশন মাস্টার আব্দুল মতিন বলেন, কলেজ ট্রেনকে সিগন্যাল ও লাইন ক্লিয়ার দেওয়ার আগেই সেটি স্টেশনে প্রবেশ করায় এমন পরিস্থিতির সৃষ্টি হয়। ঘটনাটি তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।
রেলওয়ে কর্তৃপক্ষ জানিয়েছে, ঘটনার প্রকৃত কারণ খতিয়ে দেখতে তদন্ত শুরু হয়েছে। একই সঙ্গে ভবিষ্যতে এ ধরনের ঘটনা এড়াতে সংশ্লিষ্টদের দায়িত্ব ও কার্যক্রম পর্যালোচনা করা হবে।