অস্বাস্থ্যকর পরিবেশে খাদ্য প্রস্তুত ও সংরক্ষণ, খাবারে তেলাপোকা, পোড়া তেল ব্যবহার এবং বাসি খাবার বিক্রির অভিযোগে চট্টগ্রাম মহানগরের তিনটি রেস্টুরেন্টকে মোট ১ লাখ ৭০ হাজার টাকা জরিমানা করেছে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর।
বুধবার (২৯ জুলাই) সকালে নগরের ওয়াসা এলাকার বিভিন্ন খাবারের প্রতিষ্ঠানে অভিযান চালিয়ে এ জরিমানা করা হয়। অভিযান পরিচালনা করেন জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর, চট্টগ্রাম বিভাগীয় কার্যালয়ের উপ-পরিচালক (ডিডি) ফয়েজ উল্লাহ।
তিনি জানান, অভিযানে বিভিন্ন প্রতিষ্ঠানে একাধিক অনিয়ম ধরা পড়ে। ভোক্তা অধিকার সংরক্ষণ আইনের সংশ্লিষ্ট ধারায় তিনটি প্রতিষ্ঠানের বিরুদ্ধে মোট ১ লাখ ৭০ হাজার টাকা জরিমানা করা হয়েছে। জনস্বাস্থ্য সুরক্ষা এবং নিরাপদ খাদ্য নিশ্চিত করতে এ ধরনের অভিযান নিয়মিতভাবে পরিচালনা করা হবে বলেও জানান তিনি।
অভিযানে দেখা যায়, হান্ডি রেস্টুরেন্টে অপরিচ্ছন্ন পরিবেশে খাদ্য প্রস্তুত এবং খাদ্যদ্রব্যে তেলাপোকা পাওয়ায় প্রতিষ্ঠানটিকে ১ লাখ টাকা জরিমানা করা হয়।
এ ছাড়া পোড়া তেল ব্যবহার ও অস্বাস্থ্যকর পরিবেশে খাদ্য প্রস্তুতের দায়ে সিপি ৫ স্টার রেস্টুরেন্টকে ২০ হাজার টাকা এবং পুরোনো বেগুনি ও বাসি খাবার বিক্রির পাশাপাশি অপরিচ্ছন্ন পরিবেশে খাদ্য প্রস্তুতের দায়ে জামান রেস্টুরেন্টকে ৫০ হাজার টাকা জরিমানা করা হয়েছে।
ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর জানিয়েছে, নিরাপদ খাদ্য নিশ্চিত করতে ভবিষ্যতেও নগরীর বিভিন্ন এলাকায় এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।