নতুন উচ্চতায় উড়ছে ইউএস-বাংলা, পূর্ণাঙ্গ এভিয়েশন গ্রুপের পথে

ভোরের ডাক রিপোর্ট

বাণিজ্য

বাংলাদেশের বেসরকারি বিমান পরিবহন খাতে নতুন এক মাইলফলক গড়তে যাচ্ছে ইউএস-বাংলা এয়ারলাইন্স। প্রায় দেড় বিলিয়ন মার্কিন ডলারের বিনিয়োগে বহরে ২১টি

2026-07-29T17:07:13+00:00
2026-07-29T17:07:13+00:00
  বৃহস্পতিবার, ৩০ জুলাই ২০২৬,
১৫ শ্রাবণ ১৪৩৩
 
বৃহস্পতিবার, ৩০ জুলাই ২০২৬
বাণিজ্য
নতুন উচ্চতায় উড়ছে ইউএস-বাংলা, পূর্ণাঙ্গ এভিয়েশন গ্রুপের পথে
ভোরের ডাক রিপোর্ট
বুধবার, ২৯ জুলাই, ২০২৬, ৫:০৭ পিএম 
সংগৃহীত ছবি
বাংলাদেশের বেসরকারি বিমান পরিবহন খাতে নতুন এক মাইলফলক গড়তে যাচ্ছে ইউএস-বাংলা এয়ারলাইন্স। প্রায় দেড় বিলিয়ন মার্কিন ডলারের বিনিয়োগে বহরে ২১টি নতুন বোয়িং উড়োজাহাজ যুক্ত করার ঘোষণা দিয়েছে দেশের বৃহত্তম বেসরকারি এয়ারলাইন্সটি। নতুন বহরে থাকবে ১৫টি অত্যাধুনিক বোয়িং ৭৩৭-৮ এবং ৬টি বোয়িং ৭৩৭-৮০০ উড়োজাহাজ। ২০২৭ সালের মধ্যে ধাপে ধাপে এসব উড়োজাহাজ বহরে যুক্ত হবে।

বুধবার (২৯ জুলাই) রাজধানীর বনানীতে শেরাটন ঢাকায় আয়োজিত এক অনুষ্ঠানে এ ঘোষণা দেওয়া হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন প্রতিমন্ত্রী এম রশিদুজ্জামান মিল্লাত।

প্রতিমন্ত্রী বলেন, একটি অভ্যন্তরীণ এয়ারলাইন্স হিসেবে যাত্রা শুরু করে ইউএস-বাংলা আজ দেশের অন্যতম শীর্ষ আন্তর্জাতিক ক্যারিয়ারে পরিণত হয়েছে। নিরাপত্তা ও মানসম্মত সেবার প্রতি তাদের অঙ্গীকারই এ সাফল্যের মূল ভিত্তি।

তিনি বলেন, হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের তৃতীয় টার্মিনাল চালু হলে বছরে ২ কোটি ৪০ লাখ যাত্রীকে সেবা দেওয়ার সক্ষমতা তৈরি হবে। ক্রমবর্ধমান এই চাহিদা মোকাবিলায় ইউএস-বাংলার বহরে ২১টি নতুন বোয়িং উড়োজাহাজ যুক্ত করার সিদ্ধান্ত অত্যন্ত সময়োপযোগী। একই সঙ্গে বিমান বাংলাদেশ এয়ারলাইন্সও পর্যায়ক্রমে ১৪টি নতুন বোয়িং উড়োজাহাজ যুক্ত করছে, যা দেশের এভিয়েশন খাতের সক্ষমতা আরও বাড়াবে এবং দেশি-বিদেশি যাত্রীদের ভ্রমণসেবার মান উন্নত করবে।

অনুষ্ঠানে বাংলাদেশে নিযুক্ত মার্কিন রাষ্ট্রদূত ব্রেন্ট ক্রিস্টেনসেন বলেন, বাংলাদেশের এভিয়েশন খাতের প্রবৃদ্ধির এই ঐতিহাসিক মাইলফলকের অংশ হতে পেরে তিনি গর্বিত। তাঁর ভাষায়, বোয়িং ৭৩৭ উড়োজাহাজ লিজ নেওয়ার এই চুক্তি শুধু একটি এয়ারলাইন্সের বহর সম্প্রসারণ নয়, বরং বাংলাদেশের ভবিষ্যতের জন্য একটি গুরুত্বপূর্ণ বিনিয়োগ।

তিনি বলেন, এই উদ্যোগ অর্থনৈতিক প্রবৃদ্ধিকে ত্বরান্বিত করবে, আঞ্চলিক ও আন্তর্জাতিক যোগাযোগ আরও শক্তিশালী করবে, পর্যটন ও বাণিজ্যের বিকাশে ভূমিকা রাখবে এবং উচ্চমানের কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি করবে।

বোয়িংয়ের ভাইস প্রেসিডেন্ট পল রিগিহ বলেন, ইউএস-বাংলার ভবিষ্যৎ পরিকল্পনার অংশ হিসেবে বোয়িং উড়োজাহাজ যুক্ত হওয়া অত্যন্ত আনন্দের বিষয়। আধুনিক ও জ্বালানি-সাশ্রয়ী উড়োজাহাজ বহরে অন্তর্ভুক্তির মাধ্যমে ইউএস-বাংলা তাদের প্রবৃদ্ধির নতুন অধ্যায়ে প্রবেশ করছে। এটি বাংলাদেশের এভিয়েশন খাতের ভবিষ্যৎ নিয়ে প্রতিষ্ঠানটির আস্থার প্রতিফলন এবং যাত্রীসেবা ও আন্তর্জাতিক সংযোগ সম্প্রসারণে তাদের প্রতিশ্রুতির বহিঃপ্রকাশ।

অনুষ্ঠানে পররাষ্ট্র মন্ত্রণালয়ের উপদেষ্টা হুমায়ুন কবির, জাতীয় সংসদের হুইপ মিয়া নুরুদ্দিন আহম্মেদ অপু, বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষের ঊর্ধ্বতন কর্মকর্তা, বিভিন্ন দেশের কূটনীতিক এবং ভ্রমণ ও পর্যটন খাতের অংশীজনরা উপস্থিত ছিলেন।

ইউএস-বাংলা গ্রুপ ও ইউএস-বাংলা এয়ারলাইন্সের ব্যবস্থাপনা পরিচালক মোহাম্মদ আবদুল্লাহ আল মামুন বলেন, দেশের আন্তর্জাতিক আকাশপথের বাজারের প্রায় ৭০ শতাংশ যাত্রী এখনও বিদেশি এয়ারলাইন্স পরিবহন করে। নতুন উড়োজাহাজ সংযোজনের মাধ্যমে আন্তর্জাতিক রুটে দেশীয় এয়ারলাইন্সের সক্ষমতা উল্লেখযোগ্যভাবে বাড়বে এবং বৈদেশিক মুদ্রার বড় একটি অংশ দেশে রাখা সম্ভব হবে।

তিনি বলেন, ‘আমাদের লক্ষ্য শুধু একটি সফল এয়ারলাইন্স পরিচালনা করা নয়, বরং ইউএস-বাংলাকে একটি পূর্ণাঙ্গ বৈশ্বিক এভিয়েশন গ্রুপে পরিণত করা।’ নতুন উড়োজাহাজ যুক্ত হওয়ার মাধ্যমে আন্তর্জাতিক রুট সম্প্রসারণের পাশাপাশি দক্ষ জনবল তৈরি, কার্গো সেবা, এমআরও (Maintenance, Repair and Overhaul), ফ্লাইট ক্যাটারিং এবং এভিয়েশন প্রশিক্ষণসহ একটি সমন্বিত এভিয়েশন ইকোসিস্টেম গড়ে তোলার পরিকল্পনা বাস্তবায়ন করা হবে।

তিনি আরও বলেন, বাংলাদেশের এভিয়েশন শিল্পের টেকসই উন্নয়নের জন্য নতুন বিমানবন্দর, প্রতিযোগিতামূলক নীতিমালা, দক্ষ মানবসম্পদ, আধুনিক এমআরও সুবিধা এবং আন্তর্জাতিক মানের এভিয়েশন প্রশিক্ষণকেন্দ্র প্রতিষ্ঠা অত্যন্ত জরুরি।

অনুষ্ঠানে জানানো হয়, ইউএস-বাংলা ইতোমধ্যে নিজস্ব অর্থায়নে পাইলট ও এয়ারক্রাফট প্রকৌশলী তৈরির উদ্যোগ নিয়েছে। পাশাপাশি পূর্বাচলে আন্তর্জাতিক মানের একটি এভিয়েশন প্রশিক্ষণকেন্দ্র এবং দেশে অত্যাধুনিক ফ্লাইট ক্যাটারিং সেন্টার প্রতিষ্ঠার কাজও এগিয়ে চলছে। এসব উদ্যোগ বাস্তবায়িত হলে ইউএস-বাংলা শুধু একটি এয়ারলাইন্স নয়, বরং একটি সমন্বিত এভিয়েশন গ্রুপ হিসেবে আত্মপ্রকাশ করবে।


Loading...
Loading...

বাণিজ্য- এর আরো খবর

Loading...
Loading...
© 2026 Daily Daily Bhorer Dak
সম্পাদক ও প্রকাশক : কে.এম. বেলায়েত হোসেন
৪-ডি, মেহেরবা প্লাজা, ৩৩ তোপখানা রোড, ঢাকা-১০০০ থেকে প্রকাশিত এবং মনিরামপুর প্রিন্টিং প্রেস ৭৬/এ নয়াপল্টন, ঢাকা থেকে মুদ্রিত। পিএবিএক্স: ৪১০৫২২৪৫, ৪১০৫২২৪৬, ০১৭৭৫-৩৭১১৬৭, বিজ্ঞাপন ও সার্কুলেশন: ৪১০৫২২৫৮
ই-মেইল : [email protected], [email protected]
ফলো করুন: