ঢাকার সাভারে নেশা-সংক্রান্ত বিরোধকে কেন্দ্র করে ছেলের হাতে বাবা নিহত হয়েছেন। শুক্রবার ভোরে উপজেলার তেঁতুলঝোড়া ইউনিয়নের রাজফুলবাড়িয়া ছাকিপাড়া এলাকায় এ ঘটনা ঘটে। এ ঘটনায় অভিযুক্ত ১৫ বছর বয়সী ছেলেকে আটক করেছে পুলিশ।
স্থানীয়দের বরাত দিয়ে পুলিশ জানায়, নিহত দুধ বিক্রেতা মহিন মিয়া (৩৮) ও তাঁর ছেলে জিসানের মধ্যে নেশা-সংক্রান্ত বিষয় নিয়ে কথা-কাটাকাটি হয়। একপর্যায়ে জিসান তাঁর বাবাকে মারধর করে। অভিযোগ রয়েছে, মারধরের পাশাপাশি অণ্ডকোষে চাপ দেওয়ায় গুরুতর আহত হন মহিন মিয়া। পরে ঘটনাস্থলেই তাঁর মৃত্যু হয়।
খবর পেয়ে সাভার মডেল থানা পুলিশ ঘটনাস্থল থেকে মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য রাজধানীর শহীদ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠায়।
সাভার মডেল থানার তদন্ত কর্মকর্তা (ওসি তদন্ত) নূর মোহাম্মদ ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন। তিনি জানান, এ ঘটনায় অভিযুক্ত ছেলেকে আটক করা হয়েছে এবং পরবর্তী আইনগত কার্যক্রম প্রক্রিয়াধীন।