ছোট পর্দার জনপ্রিয় অভিনেত্রী তাসনুভা তিশা জানিয়েছেন, সুযোগ পেলে বলিউড অভিনেতা ইমরান হাশমির বিপরীতে অভিনয় করতে চান তিনি। সম্প্রতি একটি সেলিব্রিটি টক শোতে অংশ নিয়ে নিজের ক্যারিয়ার, ব্যক্তিজীবন ও ভবিষ্যৎ স্বপ্ন নিয়ে খোলামেলা কথা বলেন এই অভিনেত্রী। এ সময় প্রিয় বলিউড অভিনেতার নাম জানাতে গিয়ে ইমরান হাশমির প্রতি নিজের মুগ্ধতার কথাও তুলে ধরেন।
অনুষ্ঠানে উপস্থাপক জানতে চান, বলিউডের কোন নায়কের বিপরীতে অভিনয় করার স্বপ্ন দেখেন তিনি। জবাবে কোনো দ্বিধা ছাড়াই তিশা বলেন, ‘ইমরান হাশমির সঙ্গে কাজ করতে চাই। অভিনয়ে যে আবেগ ও প্যাশন তিনি আনেন, তা সত্যিই দারুণ। পর্দায় তার মতো করে এত সুন্দরভাবে কেউ ফুটিয়ে তুলতে পারেন না। তাকে খুবই সাবলীল লাগে এবং মনে হয় সবকিছু যেন বাস্তবেই ঘটছে।’
অনুষ্ঠানে শুধু অভিনয়জীবন নয়, শৈশবের একটি স্বপ্নের কথাও শেয়ার করেন তিশা। তিনি জানান, ছোটবেলায় বাংলাদেশ সেনাবাহিনীতে যোগ দেওয়ার ইচ্ছা ছিল তার। তবে সেই স্বপ্ন নিয়ে বাবা প্রায়ই মজা করতেন।
তিশার ভাষ্য, ছোটবেলায় তিনি ছিলেন বেশ ছিপছিপে গড়নের। তাই বাবা হাস্যরস করে বলতেন, ‘আর্মির ভারী বন্দুক তো তুমি উঁচুই করতে পারবে না!’
বর্তমানে নাটক ও ওটিটি—দুই মাধ্যমেই নিয়মিত কাজ করে দর্শকদের প্রশংসা কুড়াচ্ছেন তাসনুভা তিশা। অভিনয়ের পাশাপাশি ভবিষ্যতে আন্তর্জাতিক অঙ্গনেও কাজ করার আগ্রহের কথাও তার বক্তব্যে উঠে এসেছে।