ভারতের নিট (NEET) পরীক্ষায় প্রশ্নপত্র ফাঁসের অভিযোগ এবং কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধানের পদত্যাগের দাবিতে শিক্ষার্থীদের আন্দোলন ঘিরে দেশজুড়ে উত্তেজনা বিরাজ করছে। এ ইস্যুতে বলিউড তারকাদের নীরবতা নিয়েও সামাজিক যোগাযোগমাধ্যমে চলছে আলোচনা-সমালোচনা। সেই বিতর্কে এবার আলোচনার কেন্দ্রে রয়েছেন শাহরুখ খান।
গত কয়েক দিন ধরে শিক্ষার্থীদের আন্দোলন নিয়ে কোনো মন্তব্য না করায় বলিউডের বেশ কয়েকজন তারকা সমালোচনার মুখে পড়েছেন। তাদের মধ্যে অন্যতম শাহরুখ খান। অনেকের প্রশ্ন, দেশের অন্যতম জনপ্রিয় তারকা হয়েও গুরুত্বপূর্ণ এই ইস্যুতে কেন নীরব রয়েছেন তিনি।
এর মধ্যেই সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হয়েছে লন্ডনে পরিবারের সঙ্গে শাহরুখ খানের সময় কাটানোর কিছু ছবি। ছবিতে স্ত্রী গৌরী খান ও মেয়ে সুহানা খানের সঙ্গে লন্ডনের রাস্তায় হাঁটতে দেখা যায় তাকে। হুডি ও সানগ্লাস পরা শাহরুখের এসব ছবি ছড়িয়ে পড়ার পর নতুন করে শুরু হয়েছে বিতর্ক।
সামাজিক যোগাযোগমাধ্যমে কেউ কেউ মন্তব্য করেছেন, ‘আপনি কি লন্ডনে এতটাই ব্যস্ত যে নিট কেলেঙ্কারি নিয়ে একটি পোস্টও করলেন না?’ আবার অনেকে লিখেছেন, ‘আপনারও সন্তান রয়েছে, তাই সন্তানহারা অভিভাবকদের জন্য অন্তত কিছু কথা বলতে পারতেন।’
এর আগে শুক্রবার শাহরুখ খানের নাম ব্যবহার করে নিট ইস্যুতে একটি পোস্ট সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ে। পরে সেটি ভুয়া বলে জানা যায়। তবে এরপরও তাকে ঘিরে আলোচনা-সমালোচনা থামেনি।
উল্লেখ্য, সম্প্রতি ‘কিং’ সিনেমার শুটিংয়ের কাজে মেয়ে সুহানা খানকে নিয়ে লন্ডনে গিয়েছেন শাহরুখ খান। ভাইরাল হওয়া ছবিগুলো সেই সফরের সময় তোলা বলে ধারণা করা হচ্ছে। তবে ছবিগুলো ঠিক কবে তোলা হয়েছে, সে বিষয়ে নিশ্চিত কোনো তথ্য পাওয়া যায়নি।
এদিকে শিক্ষার্থীদের চলমান আন্দোলন নিয়ে শাহরুখ খান এখন পর্যন্ত প্রকাশ্যে কোনো মন্তব্য করেননি। তার এই নীরবতা নিয়েই সামাজিক যোগাযোগমাধ্যমে আলোচনা অব্যাহত রয়েছে।