নারায়ণগঞ্জের বন্দর উপজেলার মদনপুর এলাকায় অভিযান চালিয়ে একটি বিলাসবহুল জিপ থেকে ১৪০ কেজি গাঁজা উদ্ধার করেছে র্যাব-১১। তবে অভিযানের সময় র্যাবের উপস্থিতি টের পেয়ে গাড়িতে থাকা এক সন্দেহভাজন মাদক কারবারি পালিয়ে যায়।
শনিবার (২৫ জুলাই) বিকেল ৪টার দিকে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের ঢাকাগামী লেনে মদনপুর এলাকার রাফি ফিলিং স্টেশনের সামনে এ অভিযান পরিচালনা করা হয়।
র্যাব-১১ থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, গোপন সংবাদের ভিত্তিতে জানা যায়, একটি সংঘবদ্ধ মাদক চক্র বিলাসবহুল একটি জিপে করে বিপুল পরিমাণ গাঁজা নিয়ে ওই এলাকায় অবস্থান করছে। এমন তথ্যের ভিত্তিতে র্যাবের একটি আভিযানিক দল ঘটনাস্থলে অভিযান চালায়।
অভিযান চলাকালে র্যাবের উপস্থিতি বুঝতে পেরে টয়োটা ক্লুগার মডেলের একটি হার্ড জিপ থেকে এক ব্যক্তি দ্রুত নেমে দৌড়ে পালিয়ে যায়। পরে গাড়িটি তল্লাশি করে ভেতর থেকে ১৪০ কেজি গাঁজা জব্দ করা হয়।
র্যাব জানায়, উদ্ধার করা গাঁজা ও জব্দ করা গাড়িটি পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য বন্দর থানায় হস্তান্তর করা হয়েছে। এছাড়া পালিয়ে যাওয়া সন্দেহভাজন মাদক কারবারিকে শনাক্ত ও গ্রেপ্তারে অভিযান অব্যাহত রয়েছে।