বিশ্বকাপের হতাশা কাটিয়ে নতুন মৌসুমের প্রস্তুতি শুরু করতে যাচ্ছে পাঁচবারের বিশ্বচ্যাম্পিয়ন ব্রাজিল। সেই প্রস্তুতির অংশ হিসেবে চলতি বছরের অক্টোবরে ভারত সফরে এসে একটি আন্তর্জাতিক প্রীতি ম্যাচ খেলতে পারে সেলেসাওরা। যদিও সম্ভাব্য ভেন্যুর তালিকায় বাংলাদেশ, সিঙ্গাপুর ও কাতারের নাম থাকলেও এখন পর্যন্ত শুধু ভারতের সঙ্গেই আনুষ্ঠানিক আলোচনা এগিয়েছে বলে জানিয়েছে ইএসপিএন ব্রাজিল।
ইএসপিএন ব্রাজিলের প্রতিবেদনে বলা হয়েছে, ‘সুপার ফিফা উইন্ডো’ উপলক্ষে আগামী সেপ্টেম্বর-অক্টোবরে তিনটি প্রীতি ম্যাচ খেলার সূচি রয়েছে ব্রাজিলের। এর মধ্যে ২৫ সেপ্টেম্বর টাউনসভিলে এবং ২৯ সেপ্টেম্বর ব্রিসবেনে অস্ট্রেলিয়ার বিপক্ষে দুটি ম্যাচ ইতোমধ্যে চূড়ান্ত হয়েছে। অস্ট্রেলিয়া সফর শেষে অক্টোবরের শুরুতে তৃতীয় ম্যাচটি ভারতে আয়োজনের পরিকল্পনা করছে ব্রাজিল ফুটবল কনফেডারেশন (সিবিএফ)।
প্রতিবেদনে আরও বলা হয়, ম্যাচ আয়োজন নিয়ে ভারতীয় আয়োজকদের সঙ্গে আলোচনা চালিয়ে যাচ্ছে সিবিএফ। সদ্য সমাপ্ত ২০২৬ বিশ্বকাপ চলাকালেই দুই পক্ষের মধ্যে প্রাথমিক যোগাযোগ শুরু হয়। বিশ্বকাপে ভারতীয় সমর্থকদের ব্যাপক উন্মাদনা এবং সামাজিক যোগাযোগমাধ্যমে ব্রাজিলকে ঘিরে বিপুল আগ্রহই দেশটিতে ম্যাচ আয়োজনের বিষয়ে ব্রাজিলকে উৎসাহিত করেছে।
ভারতের পাশাপাশি বাংলাদেশ, সিঙ্গাপুর ও কাতারে ম্যাচটি আয়োজনের সম্ভাবনা নিয়ে আলোচনা হলেও বর্তমানে কেবল ভারতের সঙ্গেই আলোচনা এগোচ্ছে। ম্যাচটি হলে সম্ভাব্য ভেন্যু হিসেবে কলকাতার নামই সবচেয়ে বেশি আলোচনায় রয়েছে। যদিও প্রতিপক্ষ কোন দল হবে, তা এখনো নির্ধারিত হয়নি।
কলকাতায় ম্যাচ আয়োজন হলে তা শহরটির ফুটবল ইতিহাসে নতুন মাত্রা যোগ করবে। ১৯৭৭ সালে যুক্তরাষ্ট্রের ক্লাব নিউইয়র্ক কসমসের হয়ে কিংবদন্তি পেলে ইডেন গার্ডেন্সে মোহনবাগানের বিপক্ষে খেলেছিলেন। পরে ২০১৫ সালে আবারও ভারত সফরে আসেন তিনি। এছাড়া ২০২৩ সালে কলকাতা সফর করেন আরেক ব্রাজিলিয়ান কিংবদন্তি রোনালদিনহো।
২০২৬ বিশ্বকাপে প্রত্যাশা পূরণ করতে পারেনি ব্রাজিল। নকআউট পর্বের শেষ ষোলোতেই নরওয়ের কাছে হেরে বিদায় নেয় সেলেসাওরা, যা ১৯৯০ সালের পর বিশ্বকাপে তাদের দ্রুততম বিদায়। তবে টুর্নামেন্টে ভিনিসিয়ুস জুনিয়র চার গোল ও একটি অ্যাসিস্ট করে ব্যক্তিগতভাবে দারুণ পারফর্ম করেন। কোচ কার্লো আনচেলত্তির অধীনে এখন প্রীতি ম্যাচগুলো দিয়েই নতুন করে ঘুরে দাঁড়ানোর লক্ষ্য ব্রাজিলের।