জয়পুরহাটের আক্কেলপুর উপজেলায় প্রাণনাশের হুমকি দিয়ে চিরকুট রেখে যাওয়ার কয়েক দিনের মাথায় এক মৎস্যচাষির তিনটি পুকুরে বিষ প্রয়োগ করে মাছ নিধনের অভিযোগ উঠেছে। এ ঘটনায় প্রায় পাঁচ লাখ টাকার মাছ মারা গেছে বলে দাবি করেছেন ক্ষতিগ্রস্ত কামরুজ্জামান।
শুক্রবার (২৪ জুলাই) দুপুরে এ ঘটনায় আক্কেলপুর থানায় লিখিত অভিযোগ দেওয়া হয়েছে।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, উপজেলার গোপীনাথপুর ইউনিয়নের হরিসারা চাপাগাছি গ্রামের বাসিন্দা কামরুজ্জামান কয়েক বছর আগে বর্গা নিয়ে তিনটি পুকুরে মাছ চাষ শুরু করেন। বৃহস্পতিবার দিবাগত রাতের কোনো এক সময় দুর্বৃত্তরা পুকুরে বিষ প্রয়োগ করে বলে অভিযোগ। শুক্রবার সকাল সাড়ে ৬টার দিকে মাছের খাবার দিতে গিয়ে তিনি দেখেন রুই, কাতলা, মৃগেল, সিলভার কার্প ও পাঙাশসহ বিভিন্ন প্রজাতির মাছ মরে পানিতে ভেসে উঠেছে।
ক্ষতিগ্রস্ত মৎস্যচাষি কামরুজ্জামান বলেন, ধারদেনা করে পুকুরগুলো বর্গা নিয়ে মাছ চাষ করেছিলেন। সকালে গিয়ে সব মাছ মরে ভেসে থাকতে দেখে তিনি হতবাক হয়ে যান। এতে প্রায় পাঁচ লাখ টাকার ক্ষতি হয়েছে এবং মাছ বিক্রির আয়েই তাঁর পরিবারের সংসার চলত।
এ ঘটনায় কামরুজ্জামানের ছোট ভাই নুরজ্জামান থানায় লিখিত অভিযোগ দিয়েছেন। অভিযোগে তিনি উল্লেখ করেন, প্রায় চার মাস আগে তাঁদের বাড়ির খড়ের গাদায় আগুন দেওয়া হয়েছিল। এছাড়া প্রায় ১০ দিন আগে বাড়ির দেয়ালে প্রাণনাশের হুমকি দিয়ে কয়েকটি হাতে লেখা চিরকুট টাঙানো হয়। একটি চিরকুটে লেখা ছিল, শাবধানে থাকিস। তোর হাতে দুই বছর টাইম আছে। তোর একটা ভুলের কারণে তুই মরবু।
নুরজ্জামান আরও জানান, শুক্রবার সকালে পুকুরের পানিতে আরও তিনটি চিরকুট পাওয়া যায়। সেগুলোতে তোদের আর ছাড়ব না, যেমন করেছিস, তেমন ফল পাবি—এ ধরনের হুমকিমূলক লেখা ছিল। একটি চিরকুটে ধারালো অস্ত্রের ছবিও আঁকা ছিল বলে তিনি দাবি করেন।
অভিযোগে আরও বলা হয়েছে, বৃহস্পতিবার সন্ধ্যায় কয়েকজন ব্যক্তি তাঁদের বাড়ির সামনে এসে ভয়ভীতি ও ক্ষয়ক্ষতির হুমকি দেন। পূর্বশত্রুতার জের ধরে কয়েকজন প্রতিবেশী দীর্ঘদিন ধরে তাঁদের পরিবারকে বিভিন্নভাবে ভয়ভীতি দেখিয়ে আসছেন বলেও অভিযোগ করা হয়েছে।
ঘটনাস্থল পরিদর্শন করা স্থানীয় ইউপি সদস্য বায়োজীদ হোসেন বলেন, সকালে গিয়ে তিনি তিনটি পুকুরেই মাছ মরে ভেসে থাকতে দেখেছেন। এর আগে ওই পরিবারের খড়ের গাদায় আগুন দেওয়া এবং চিরকুটে হুমকির ঘটনাও শুনেছেন। তবে কারা এ ঘটনার সঙ্গে জড়িত, তা তদন্ত ছাড়া নিশ্চিত করে বলা সম্ভব নয়।
আক্কেলপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহীন রেজা বলেন, বিষ দিয়ে পুকুরের মাছ নিধনের অভিযোগ পাওয়া গেছে। ঘটনাটি তদন্ত করে জড়িতদের বিরুদ্ধে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।