বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ও জাতীয় সংসদের বিরোধীদলীয় নেতা ডা. শফিকুর রহমান বলেছেন, জামায়াত ফেরেশতাদের দল নয়, তাই দল ও নেতাকর্মীদেরও ভুল-ত্রুটি হতে পারে। তবে অন্যায় ও অপরাধের ক্ষেত্রে কোনো ছাড় দেওয়া হবে না জানিয়ে তিনি বলেন, কেউ অন্যায়ের প্রমাণ দিলে তা তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে এবং গুরুতর অপরাধে কঠোর সিদ্ধান্ত নেওয়া হবে।
বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ও জাতীয় সংসদের বিরোধীদলীয় নেতা ডা. শফিকুর রহমান বলেছেন, জামায়াত ফেরেশতাদের দল নয়, আমরা মানুষ। আমাদেরও ভুলত্রুটি হয়। তবে অন্যায় আর জামায়াতে ইসলামী একসঙ্গে চলতে পারে না।
শুক্রবার (২৪ জুলাই) রাজধানীর কাকরাইলের ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশনে অনুষ্ঠিত জামায়াতে ইসলামী ঢাকা জেলার রুকন সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
শফিকুর রহমান বলেন, এর অর্থ এই নয় যে জামায়াতের কেউ কখনও অন্যায় করে না। আমাদেরও ভুল, দোষ ও অপরাধ হতে পারে। যারা দেশ ও জাতিকে ভালোবাসেন, তারা যদি আমাদের কোনো অন্যায় বা অপরাধ দেখতে পান, সেটি আমাদের সামনে তুলে ধরুন। আমরা তা যাচাই করে প্রয়োজনীয় সংশোধনমূলক ব্যবস্থা নেব।
নেতাকর্মীদের উদ্দেশে তিনি বলেন, যাদের গায়ে সাদা কাপড়, তাদের আরও বেশি সতর্ক থাকতে হবে। নৈতিকতার প্রশ্নে জামায়াতে ইসলামীতে কোনো ছাড় নেই। দায়িত্বশীলদের সবসময় নিজেদের আচরণ ও কর্মকাণ্ডে সচেতন থাকতে হবে।
জামায়াত আমির আরও বলেন, সহনীয় মাত্রার কোনো ভুল হলে সংশোধনের সুযোগ দেওয়া হবে। তবে অপরাধের মাত্রা গুরুতর হলে দল কঠোর সিদ্ধান্ত নিতে বাধ্য হবে। এ বিষয়ে আমিসহ দলের সবাইকে সতর্ক ও দায়িত্বশীল থাকার আহ্বান জানান তিনি।