সরকারকে উদ্দেশ করে বিরোধীদলীয় নেতা ও জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান বলেছেন, সংসদের ভেতরে ও বাইরে তাদের আন্দোলন-সংগ্রাম অব্যাহত রয়েছে। জনগণের মুক্তি নিশ্চিত করা এবং বাংলাদেশ থেকে ফ্যাসিবাদের শেষ চিহ্ন বিদায় না হওয়া পর্যন্ত এ লড়াই চলবে বলে মন্তব্য করেন তিনি।
বৃহস্পতিবার (২৩ জুলাই) রাজধানীর মিরপুরে জুলাই গণঅভ্যুত্থানের চেতনা, গণভোটের রায় বাস্তবায়ন, জুলাই গণহত্যা এবং মানবতাবিরোধী অপরাধের বিচার দাবিতে আয়োজিত এক জনসভায় তিনি এসব কথা বলেন।
ডা. শফিকুর রহমান বলেন, জনগণের রায়কে অপমান করবেন না। যারা জনগণের রায়কে অবজ্ঞা করেছে, ইতিহাসে তাদের কঠিন মূল্য দিতে হয়েছে। আপনাদের সিদ্ধান্তে দেরি হয়েছে, তাতে সমস্যা নেই। বাস্তবতা মেনে জনগণকে সম্মান দেখান। জনগণকে সম্মান করলে জনগণও আপনাদের গ্রহণ করবে।
তিনি আরও বলেন, জুলাই গণঅভ্যুত্থানে নিহত ও আহতদের বিষয়ে সরকারের এককভাবে দায়িত্ব নেওয়া উচিত। দেশের ৭০ শতাংশ মানুষ গণভোটে ‘হ্যাঁ’ ভোট দিলেও নির্বাচন শেষে সরকার সেটিকে অবৈধ বলছে। গণভোট যদি অবৈধ হয়, তাহলে সংসদ নির্বাচন কীভাবে বৈধ হয়—এমন প্রশ্নও তোলেন তিনি।
জামায়াত আমির বলেন, যাদের আত্মত্যাগে দেশ ফ্যাসিবাদমুক্ত হয়েছে, সেই যোদ্ধাদের প্রতি সরকারের দায়িত্ব এখনো যথাযথভাবে পালন করা হয়নি। একই সঙ্গে তিনি জুলাই গণহত্যার সঙ্গে জড়িতদের দ্রুত বিচার নিশ্চিত করার আহ্বান জানান।