সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য গাজী নজরুল ইসলামকে বাংলাদেশ জামায়াতে ইসলামী থেকে বহিষ্কারের পর তার সংসদ সদস্য পদ বহাল থাকবে কি না, তা নিয়ে রাজনৈতিক ও আইন অঙ্গনে আলোচনা শুরু হয়েছে। এ প্রসঙ্গে সুপ্রিম কোর্টের সিনিয়র আইনজীবী শিশির মনির বলেছেন, সংবিধানের ৭০ অনুচ্ছেদ এবং দলীয় সিদ্ধান্তের আলোকে তার মতে গাজী নজরুলের সংসদ সদস্য পদ থাকবে না।
বুধবার (২২ জুলাই) রাতে নিজের ভেরিফায়েড ফেসবুক অ্যাকাউন্টে দেওয়া এক পোস্টে তিনি এ মন্তব্য করেন।
এর আগে একই দিন বিকেলে বাংলাদেশ জামায়াতে ইসলামী এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানায়, সাংগঠনিক তদন্তে গাজী নজরুল ইসলামের বিরুদ্ধে নৈতিক স্খলনের অভিযোগ প্রমাণিত হওয়ায় দলীয় গঠনতন্ত্রের ৬২ নম্বর ধারা অনুযায়ী তাকে দল থেকে বহিষ্কার করা হয়েছে। দলটি আরও জানায়, বহিষ্কারের বিষয়টি আনুষ্ঠানিকভাবে নির্বাচন কমিশনকে অবহিত করা হবে।
ফেসবুক পোস্টে শিশির মনির লেখেন, ‘সংবিধানের ৭০ অনুচ্ছেদে আছে ‘পদত্যাগ’। তিনি হয়েছেন ‘বহিষ্কার’। জামায়াত আজই নির্বাচন কমিশনকে জানিয়ে দিচ্ছে। কারণ ‘নৈতিক স্খলন’। প্রশ্ন হচ্ছে, সংসদ সদস্য থাকতে পারবেন কি না? আমার মতে না।’
গাজী নজরুল ইসলামের বহিষ্কারের পর তার সংসদ সদস্য পদ বহাল থাকবে কি না, তা নিয়ে রাজনৈতিক ও আইন অঙ্গনে আলোচনা চলছে। তবে এ বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়ার এখতিয়ার সংশ্লিষ্ট সাংবিধানিক ও নির্বাচন কর্তৃপক্ষের।