দেশে হামের প্রাদুর্ভাব উদ্বেগজনক পর্যায়ে রয়ে গেছে। গত ২৪ ঘণ্টায় হামের উপসর্গ নিয়ে আরও পাঁচ শিশুর মৃত্যু হয়েছে। একই সময়ে নতুন করে ১ হাজার ১৩৭ শিশুর শরীরে হাম ও এর উপসর্গ শনাক্ত হয়েছে।
শুক্রবার (২৪ জুলাই) স্বাস্থ্য অধিদপ্তরের নিয়মিত হাম পরিস্থিতি প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।
প্রতিবেদনে বলা হয়, গত ২৪ ঘণ্টায় সন্দেহজনক হামরোগী শনাক্ত হয়েছেন ৯৫০ জন। একই সময়ে পরীক্ষার মাধ্যমে নিশ্চিত হামরোগী পাওয়া গেছে ১৮৭ জন।
স্বাস্থ্য অধিদপ্তরের তথ্য অনুযায়ী, চলতি বছরের ১৫ মার্চ থেকে ২৪ জুলাই পর্যন্ত হামের উপসর্গ নিয়ে মোট ৭১৫ জন শিশুর মৃত্যু হয়েছে। এ ছাড়া পরীক্ষায় নিশ্চিত হওয়া হামে মারা গেছেন ৯৫ জন।
একই সময়ে সারা দেশে সন্দেহজনক হামরোগীর সংখ্যা দাঁড়িয়েছে ১ লাখ ২২ হাজার ১৫০ জন। এর মধ্যে পরীক্ষায় নিশ্চিত হামরোগীর সংখ্যা ১৫ হাজার ১৯৪ জন।
এদিকে, ১৫ মার্চ থেকে ২৪ জুলাই পর্যন্ত সন্দেহজনক হাম নিয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন ১ লাখ ৪ হাজার ৭১৭ জন। তাদের মধ্যে চিকিৎসা শেষে সুস্থ হয়ে হাসপাতাল থেকে ছাড়পত্র পেয়েছেন ১ লাখ ১ হাজার ৫৬ জন।
স্বাস্থ্য অধিদপ্তর অভিভাবকদের শিশুদের হাম প্রতিরোধে নির্ধারিত টিকাদান নিশ্চিত করার পাশাপাশি জ্বর, শরীরে র্যাশ বা হামের লক্ষণ দেখা দিলে দ্রুত নিকটস্থ স্বাস্থ্যকেন্দ্রে যোগাযোগ করার আহ্বান জানিয়েছে।