শিল্পকলায় প্রথম একক কনসার্টে আজ রুনা লায়লা

বিনোদন ডেস্ক

বিনোদন

ছয় দশকেরও বেশি সময়ের গৌরবময় সংগীতজীবনে অসংখ্য মঞ্চে গান গাইলেও বাংলাদেশ শিল্পকলা একাডেমিতে এবারই প্রথম একক সংগীতানুষ্ঠানে অংশ নিচ্ছেন কিংবদন্তি

2026-07-24T16:00:39+00:00
2026-07-24T16:00:39+00:00
  শনিবার, ২৫ জুলাই ২০২৬,
১০ শ্রাবণ ১৪৩৩
 
শনিবার, ২৫ জুলাই ২০২৬
বিনোদন
বন্যার্তদের সহায়তায়
শিল্পকলায় প্রথম একক কনসার্টে আজ রুনা লায়লা
বিনোদন ডেস্ক
শুক্রবার, ২৪ জুলাই, ২০২৬, ৪:০০ পিএম 
সংগৃহীত ছবি
ছয় দশকেরও বেশি সময়ের গৌরবময় সংগীতজীবনে অসংখ্য মঞ্চে গান গাইলেও বাংলাদেশ শিল্পকলা একাডেমিতে এবারই প্রথম একক সংগীতানুষ্ঠানে অংশ নিচ্ছেন কিংবদন্তি সংগীতশিল্পী রুনা লায়লা। অনুষ্ঠানে তিনি তাঁর ৬২ বছরের পেশাদার সংগীতজীবনের বিভিন্ন সময়ের শ্রোতাপ্রিয় ১০টি কালজয়ী গান পরিবেশন করবেন। একই সঙ্গে তাঁকে জানানো হবে বিশেষ সম্মাননা। আর টিকিট বিক্রি থেকে প্রাপ্ত পুরো অর্থ বন্যার্ত মানুষের সহায়তায় প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিলে দেওয়া হবে।

শুক্রবার (২৪ জুলাই) সন্ধ্যায় শিল্পকলা একাডেমির জাতীয় নাট্যশালা মিলনায়তনে অনুষ্ঠিত হবে এই বিশেষ আয়োজন। দীর্ঘ এক মাসেরও বেশি সময় যুক্তরাষ্ট্রে পারিবারিক কাজ শেষে দেশে ফিরেছেন উপমহাদেশের কিংবদন্তিতুল্য সংগীতশিল্পী রুনা লায়লা। দেশে ফিরেই এই একক সংগীতানুষ্ঠানের প্রস্তুতিতে ব্যস্ত হয়ে পড়েন তিনি।

অনুষ্ঠান প্রসঙ্গে রুনা লায়লা বলেন, আমাদের সংগীতের দীর্ঘ পথচলা, গান ও স্মৃতিগুলো নতুন প্রজন্মের শ্রোতাদের কাছে পৌঁছে দেওয়ার জন্য এমন আয়োজন গুরুত্বপূর্ণ। শ্রোতাদের প্রিয় কিছু গান পরিবেশনের চেষ্টা থাকবে। ৬২ বছরের পেশাদার সংগীতজীবনে শিল্পকলা একাডেমিতে দুই-তিনবারের বেশি গাওয়া হয়নি। তবে একক গানের অনুষ্ঠান এবারই প্রথম। আশা করি, শ্রোতাদের সঙ্গে সুন্দর ও স্মরণীয় একটি সন্ধ্যা কাটবে।

আয়োজকরা জানান, রুনা লায়লার সংগীতজীবনের বিভিন্ন সময়ের জনপ্রিয় ও কালজয়ী গান নিয়ে সাজানো হয়েছে পুরো অনুষ্ঠান। গান পরিবেশনের পাশাপাশি তাঁকে বিশেষ সম্মাননা প্রদান করা হবে। এই আয়োজনের আরেকটি বিশেষ দিক হলো—টিকিট বিক্রির সম্পূর্ণ অর্থ বন্যাকবলিত মানুষের সহায়তায় প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিলে জমা দেওয়া হবে।

এর আগে বাংলাদেশ শিল্পকলা একাডেমি একই ধরনের বিশেষ আয়োজন করেছে বরেণ্য সংগীতশিল্পী সাবিনা ইয়াসমিন ও সৈয়দ আব্দুল হাদীকে নিয়ে।

এদিকে এই অনুষ্ঠান শেষ করেই আবারও আন্তর্জাতিক ব্যস্ততায় ফিরবেন রুনা লায়লা। জানা গেছে, চলতি মাসের শেষ দিকে তিনি অস্ট্রেলিয়া সফরে যাবেন। সেখানে একাধিক সংগীতানুষ্ঠানে অংশ নিয়ে প্রবাসী বাংলা ভাষাভাষী শ্রোতাদের জন্য গান পরিবেশন করবেন।


Loading...
Loading...

বিনোদন- এর আরো খবর

Loading...
Loading...
© 2026 Daily Daily Bhorer Dak
সম্পাদক ও প্রকাশক : কে.এম. বেলায়েত হোসেন
৪-ডি, মেহেরবা প্লাজা, ৩৩ তোপখানা রোড, ঢাকা-১০০০ থেকে প্রকাশিত এবং মনিরামপুর প্রিন্টিং প্রেস ৭৬/এ নয়াপল্টন, ঢাকা থেকে মুদ্রিত। পিএবিএক্স: ৪১০৫২২৪৫, ৪১০৫২২৪৬, ০১৭৭৫-৩৭১১৬৭, বিজ্ঞাপন ও সার্কুলেশন: ৪১০৫২২৫৮
ই-মেইল : [email protected], [email protected]
ফলো করুন: