উন্নয়নের নামে প্রহসন আর হরিলুটের এক জীবন্ত দলিল। নারায়ণগঞ্জের নগরপাড়া বাজার থেকে খালের সেতু পর্যন্ত প্রায় ৫০ লাখ টাকা ব্যয়ে নির্মিত একটি ঢালাই সড়ক উদ্বোধনের মাত্র এক মাসের মধ্যেই কয়েকটি স্থানে ধসে পড়েছে বলে অভিযোগ উঠেছে। একই সঙ্গে বাজার এলাকায় পানি নিষ্কাশনের ব্যবস্থা না থাকায় সড়কে স্থায়ী জলাবদ্ধতা সৃষ্টি হয়েছে। এতে নগরপাড়া, কাজীবাড়ি, পূর্বপাড়াসহ আশপাশের পাঁচ গ্রামের প্রায় সাত হাজার মানুষ চরম ভোগান্তিতে পড়েছেন।
স্থানীয়দের অভিযোগ, পানি নিষ্কাশনের জন্য প্রয়োজনীয় পাইপলাইন বা ড্রেনেজ ব্যবস্থা না রাখায় বৃষ্টির পানি ও বাজারের বর্জ্য জমে সড়কটি প্রায়ই পানিতে তলিয়ে যায়। দুর্গন্ধযুক্ত পানির মধ্যে চলাচল করতে গিয়ে শিশু, বৃদ্ধসহ অনেকের ত্বকে বিভিন্ন ধরনের চর্মরোগ দেখা দিয়েছে বলেও তারা দাবি করেন।
সরেজমিনে দেখা যায়, সড়কের বিভিন্ন স্থানে ফাটল ও ধসের চিহ্ন রয়েছে। বাজারসংলগ্ন এলাকায় পানি জমে থাকায় পথচারীদের চলাচলে দুর্ভোগ সৃষ্টি হয়েছে। স্থানীয়দের ভাষ্য, সামান্য বৃষ্টিতেই সড়কটি পানিতে ডুবে যায়। এতে স্কুল-কলেজের শিক্ষার্থী, দিনমজুর ও চাকরিজীবীদের নিয়মিত যাতায়াতে সমস্যা হচ্ছে। জরুরি রোগী পরিবহনেও ভোগান্তি পোহাতে হচ্ছে বলে অভিযোগ রয়েছে।
স্থানীয় বাসিন্দা বিল্লাল হোসেন বলেন, পানি নিষ্কাশনের ব্যবস্থা না থাকায় পুরো রাস্তা পানিতে ডুবে থাকে। এতে মানুষের দুর্ভোগ চরমে পৌঁছেছে।
ব্রাইট শিশু কানন হাই স্কুলের শিক্ষার্থী রাহিদ ও রাশিদ জানায়, প্রতিদিন জমে থাকা পানির মধ্য দিয়েই তাদের স্কুলে যেতে হয়। এতে তাদের পায়ে চুলকানিসহ ত্বকের সমস্যা দেখা দিয়েছে।
ব্যবসায়ী আবুল হাশেম বলেন, দোকানের ভেতরে পানি ঢুকে ব্যবসার ব্যাপক ক্ষতি হচ্ছে।
আরেক বাসিন্দা সাদেক মিয়া অভিযোগ করেন, একাধিকবার সংশ্লিষ্ট দপ্তরে জানানো হলেও কার্যকর কোনো ব্যবস্থা নেওয়া হয়নি। তিনি দ্রুত সড়কটি সংস্কার এবং স্থায়ী পানি নিষ্কাশন ব্যবস্থা নির্মাণের দাবি জানান।
এ বিষয়ে উপজেলা প্রকৌশলী আক্তার হোসেন বলেন, বিষয়টি আমার জানা ছিল না। খোঁজ নিয়ে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।
উপজেলা নির্বাহী কর্মকর্তা সাইফুল ইসলাম বলেন, বিষয়টি সম্পর্কে অবগত হয়েছি। দ্রুত সমস্যার সমাধানে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হচ্ছে।