খুলনার পাইকগাছায় হারিয়ে যেতে বসা গ্রাম-বাংলার ঐতিহ্যবাহী খেলাধুলাকে নতুন প্রজন্মের কাছে তুলে ধরতে ব্যতিক্রমধর্মী সাঁতার ও হাঁস ধরা প্রতিযোগিতার আয়োজন করা হয়েছে। উপজেলার ঐতিহ্যবাহী সরল খাঁ দীঘিতে ‘সরল–বান্দিকাটি যুব সংঘ’-এর উদ্যোগে রবিবার (১৯ জুলাই) দুপুরে অনুষ্ঠিত এ প্রতিযোগিতা ঘিরে উৎসবমুখর পরিবেশের সৃষ্টি হয়।
দীর্ঘদিন পর এমন আয়োজনকে স্বাগত জানিয়ে শত শত মানুষ দীঘির চারপাশে ভিড় করেন। প্রতিযোগীদের উৎসাহ দিতে দর্শকদের করতালি ও উচ্ছ্বাসে মুখর হয়ে ওঠে পুরো এলাকা। শিশু থেকে শুরু করে বিভিন্ন বয়সী মানুষের উপস্থিতিতে গ্রামীণ ঐতিহ্যের এই আয়োজন যেন মিলনমেলায় পরিণত হয়।
আয়োজকরা জানান, আধুনিকতার প্রভাবে বিলুপ্তপ্রায় গ্রামীণ খেলাধুলাকে পুনরুজ্জীবিত করাই ছিল এ আয়োজনের মূল লক্ষ্য। একই সঙ্গে যুবসমাজকে মাদক ও নানা সামাজিক অবক্ষয় থেকে দূরে রেখে সুস্থ বিনোদনের সুযোগ সৃষ্টি করাও তাদের অন্যতম উদ্দেশ্য। ভবিষ্যতেও এ ধরনের ঐতিহ্যবাহী খেলাধুলার আয়োজন অব্যাহত রাখার প্রত্যয় ব্যক্ত করেন তারা।
প্রতিযোগিতা শেষে বিজয়ীদের হাতে আকর্ষণীয় পুরস্কার তুলে দেওয়া হয়। অনুষ্ঠানে স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ, সমাজের বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ এবং সরল–বান্দিকাটি যুব সংঘের সদস্যরা উপস্থিত ছিলেন।